বাংলাদেশে ইন্টারনেটের চাহিদা বেড়েছে। শহরকেন্দ্রিক বৃত্তের বাইরেও তৈরি হয়েছে প্রত্যন্ত অঞ্চলের চাহিদা। তবে তা ব্রডব্র্যান্ডের স্বল্প গতি ও অধিক মূল্যের দ্বৈত চাপে সাধারণ মানুষের হাতের নাগালে পেঁৗছাচ্ছে না। যে সমস্যার আধুনিক সমাধান হতে পারে ওয়াইম্যাক্স প্রযুক্তির ইন্টারনেট সেবা। দেশের মানুষও দীর্ঘদিন ধরে সেবাটি উপভোগের অপেক্ষায় আছে। ইতিমধ্যে ২১৫ কোটি টাকা ব্যয়ে তিনটি প্রতিষ্ঠানকে দেশে ওয়াইম্যাক্স সেবা উন্নয়ন ও বিপণনের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
অপেক্ষার দিন ফুরাল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান অজের দেশের বাজারে চতুর্থ প্রজন্মের [ফোরজি] প্রযুক্তির ইন্টারনেট মাধ্যম ওয়াইম্যাক্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। আপাতত সেবাটি ঢাকাকেন্দ্রিক গুলশান, বনানী ও বারিধারা এলাকাসহ আরও দুটি এলাকায় উন্মোচন করা হবে।
বর্তমানে বেজ স্টেশন তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান অজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সঞ্জীব আহুজা। তিনি জানান, বাংলাদেশে ইন্টারনেট সেবার চাহিদা বাড়ছে। তবে কৌশলগত ও সহজলভ্যতার সীমাবদ্ধতার কারণে ইন্টারনেট এখনও সাধারণ মানুষের কাছে পেঁৗছায়নি। সেক্ষেত্রে ইন্টারনেট সেবা বিনিময় ব্যয়ও বড় প্রতিবন্ধকতা। সে বিবেচনায় ওয়াইম্যাক্স হবে হালসময়ের সর্বাধুনিক ইন্টারনেট সমাধান। তাছাড়া ইন্টারনেট সেবা বিপণনে তিনি আন্তর্জাতিক মানের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। অচিরেই বিভাগীয় শহরগুলোতে ক্রমান্বয়ে অজের ওয়াইম্যাক্স সেবা নিশ্চিত করা হবে বলে সূত্র জানিয়েছে। বাংলাদেশে প্রধান নির্বাহী কর্মকতা হিসেবে অজের ওয়াইম্যাক্স অপারেশন পরিচালনা করবেন জেরি মবস। গত সোমবার জেরি মবস গুলশানে পরীক্ষামূলক ওয়াইম্যাক্স সেবার কারিগরি কিছু দিক উপস্থাপন করেন।
ইতিমধ্যে দেশীয় কিছু মোবাইল অপারেটরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন করেছে অজের। অপারেটররা দেশে অজের ওয়াইম্যাক্স সেবা উন্নয়ন ও প্রসারে সহযোগিতা করছে বলেও জানান সঞ্জীব আহুজা। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে ওয়াইম্যাক্স সেবা উন্মোচন ইতিবাচক ও সম্ভাবনাময় বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


