মানুষ ফুল, পাখি, লতা-পাতা হতে চায়,
ঘাস হতে চায়, গাছ হতে চায়,
সাগর হতে চায়, পাহাড় হতে চায়।
কিন্তু আমি চাইনা,
এসব কিছুই এখন আর হতে চাইনা আমি।
আগে, অনেক বছর আগে
খুব করে চাইতাম, আমার প্রিয় আকাশ হতে,
সাদা আকাশে
কালো মেঘ হয়ে উড়ে বেড়াতে।
সবুজ কোন খালি মাঠ হতে,
দূরের কোন এক ছোট্ট ঘর হতে।
সত্যি ই বৃষ্টি হয়ে টিনের চালে
ঝরতে ইচ্ছে হত আগে, সে অনেক বছর আগে।
এখন আর এসব কিছুই
আমার হতে ইচ্ছে করে না,
আমিও হতে চাই না আর।
এখন আমি তোমার
ঘরের চাবি হতে চাই,
দুবেলা ঠিক তখন
আমার কথা মনে থাকবে,
আমার খোঁজ করবে।
ফেইসবুক হতে চাই আমি এখন,
যার জন্য তুমি কিছুটা উদ্বিগ্ন থাকবে,
একটু সময় পেলে, সুযোগ পেলেই
ছুটে যাবে যার কাছে।
খুব মনোযোগ তোমার থাকে যেখানে।
যার জন্য সময় হয় , শুধু আমার জন্য নয়।
আমি তোমার অনলাইনের গেমস হতে চাই,
হতাশার সময়গুলোতে,
মন খারাপের রাতগুলোতে,
আমায় নিয়ে খেলবে তুমি রাত জুড়ে।
তাও তো তোমায় খানিকটা পাবো।
আমি এখন তোমার ঘরের-অফিসের
কম্পিউটারের মাউস হতে চাই,
২৪ ঘণ্টার মধ্যে ১৭ কি ১৮ ঘন্টা তো পাবোই,
তোমার হাতের মাঝে থাকবো,
তোমার স্পর্শ পাবো।
আমি এখন তোমার কাজ হতে চাই,
যার জন্য তুমি আমাকে অবহেলা কর।
যার জন্য তুমি আমাকে ভুলে,
আমাকে ছেড়ে থাকতে পারো।
কাজ হলে তখন আমাকে
সময় দিতে বাধ্য থাকবে তুমি।
যা কখনও ই তোমার আমাকে দেয়া হয়না,
দেও না অথবা দিতে পারনা অথবা দিতে চাও না।
সব কিছুর বিনিময়ে একমাত্র যা আমি
আজীবনভর চেয়েছি তোমার কাছে।
বাকি জীবনও চাইবো, এখনো চাই
একটু সময় চাই তোমার কাছে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




