টিভিতে ট্যুর ডি ফ্রান্স দেখতে দেখতে আমি প্রথম জেনেছিলাম
ফ্রান্সেও কাদা মাটি আছে,
ফসলের মাঠ আছে।
ওখানেও বৃষ্টি নামে আকাশ ভেঙে।
অনেক আগেকার কথা, আমার কিশোর মন।
মন ভেবেছিল ওই দেশটা একটা আস্ত চিত্রকর্ম,
নাকি স্থাপত্য কোন?
সেদিনের অনেক অনেক পরে
সংবাদপত্রে আর টিভিতে দেখে জানা গেল
রোহিঙ্গাদেরও আমার মত শিশু সন্তান আছে,
যে শিশু আমার সন্তানের মতই আধো আধো হাতে ভাত তুলে খায়।
রোহিঙ্গা পিতারাও আমার পিতার মতন বুকে আগলে রেখে নিরাপত্তা দিতে চান সন্তানকে।
রোহিঙ্গা মায়েদের চোখের জল আর আমার মায়ের চোখের জল একই রকম।
আম কি ভেবেছিলাম ওরা কৃষাণ চন্দরের উপন্যাস?
ইয়াসুজিরো ওজুর সিনেমা?
জয়নুল আবেদীনের চিত্রকর্ম?
আমি অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম ওরাও মানুষ,
আমার মতনই মানুষ।
অথবা, আমরা কেউই মানুষ নই।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



