পরীলক্ষিত হয় বিলম্বিত আবেগ সহসা; মানভাঙা রোদ চাঁদনী কুড়ায়
আকাশের বারান্দায় যারা চুপচাপ বসে চা খেতো, তাদের ঘুম ভাঙে
এরোপ্লেনের মাস্তুলের গুতোয় আর ঝাপসা মেঘকে বস্তায় ভরে ডাষ্টবিনে
ফেলে রবাহুত ঈগল ঠুকরে ঠুকরে, যেন পোয়াতি মেঘের প্রতিটি কণায়
লুকিয়েছে অদম্য সাহস
সেই সাহস নিয়ে আলাদিন, এক রুপকথার নায়ক যে কবি হয়েছিল অতঃপর
তার চোখের ফেনায় কত ঘাসপাতা উড়ে যায়, প্রবল তৃঞ্চা আর আঠালো কাম
একাকার করে সে স্বপ্ন দেখে; বিজন এক মরুদ্যানে ফুল ফুটবে আবার
ভালোবাসা চুম্বন্ হয়ে ঘুরপাক খাবে আমিষের আঁশে যেমন ক্ষুধার কাছাকাছি
মানুষ তীব্র আক্ষেপে চাঁদ রুটি একাকার করে রোদ্দুর ভাঙে আনমনে চিলেকোঠায়
মাঝে মাঝে রাত নামে এ মেঘসাগরে
কখনও মন কেড়ে নেয় মোমের পুতুল
সারারাত সব তারা চেয়ে থাকে, আর খুব বড় পাঁচটি তারা নিঃশব্দে
নেমে এসে সঙ্গ দেয় যুবকের; তাদের অস্ফুট ডাকে শব্দ হয়ে যায় বিস্তৃর্ণকথন
ভোর ভোর মৌচাকে, ঘুম ঘুম বিছানায়
সদ্য পাঠানো মা'য়ের কাঁথায় রোদ নেমে আসে
নকশিফুলেরা কতটা আদর মাখায়, সে জানে সব
আর জেনেই আগল খুলে রাখে, আসমানের বিপুল সুনীলে দু'ফোটা হলুদ
পিচকিরি মেরে শালিকের ডিমের ঠোঙায় কাঠবাদামের বীজ পুতে
শুধু শুধু অপেক্ষায় হয় নীল
তবুও আলাদিন, একজন কবি
মুখ লুকোয় পরিচিত গলি ছেড়ে বহুদুরে
পাপোশে ঝরে পড়ে জোছনা;
জীবনের জোছনা খোঁজায় ব্যস্ত মানুষেরা এরকমই হয়
জীবন্ত এবং সজীব
কবি আর প্রেমিক।।
ফুটনোটঃ আমি গল্প লিখতে পারি না; আলাদিনকে নিয়ে গল্প লেখার কথা ছিল আমার!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





