১।
কথা হয়না তাই, বয়ে বেড়ানো এ শোকের শব-
কাঁধে নিয়ে, যখন কেউ কেউ হরিদ্রাভ বিকেলে কোমর ডুবিয়ে
লবন-পানির অন্তরালে সমৃদ্ধি আর সুগন্ধি ক্যান্ডেল নিয়ে নিমগ্ন
জলকেলিতে।
তাদের জলের রঙ নীল, আমার বিষাদের মতো; তাদের কাঁধে
রঙিন তোয়ালে, আমার যেমন শোক-
তাদের বোগলে ফর্সা কব্জি, তোমারটা যেমন ফসকিয়েছি আমি।
কথা হয়না তাই-
আমিও ডুব দিয়ে রই সুখী মানুষের মতো বিষন্ন সরোবরে, তারা যেমন
সুখ গলিয়ে কখনও গলা অবধি- আয়েশে মিশুক টান দু'একটা;
আমি তোমার স্মৃতিতে তেমন, কখনও সখনও তরিয়ে নিই।
আমি অবাক, অথচ তোমরা তাকে সুখী বলছো!
২।
ফিসফিস করে কি বলে দেবো: অযুত নক্ষত্রের কোনটা আমি-
আকাশের বিস্তৃর্ন মেঘালীর কোনটাই আমার ঘরদোর,
নীলাভ বেদনার কতটা গভীরতর অসুখে এই আকাশযাপন!
আমার অক্ষম, পরাহত ভালোবাসার
পরাজয় আমাকে আকাশী শূন্যতা আর তোমাকে যাপিত দু:খময় বসতিতে প্রোত্থিত করেছে।
তাই আমি আকাশচারী আর তুমি ভূমিধ্বসের আতঙ্কে মূহ্যমান।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




