
তবুও আমি পিছিয়ে রইলাম, জাগতিক সেই
অসম অথচ অনিবার্য দৌড়ে; কিম্ভূত আমলারা বসে আছে লোহার রেলিংয়ে,
যেখানে সবাই একটা সময়ে অবসাদ ঢেলে দেয়।
সে সব অবসাদে নম্র বিদুষক জাগে, জেগে রয় তদ্রালু নপুংশক চাহনীতে-
আমি তবুও জেগে রইলাম, বিদুষকগণের চাদরের আড়ালে,
মোটিভেশন স্পিকারের বগলদাবায়-
আমি তবুও পিছিয়ে রইলাম;
অথচ পার হয়ে গেল অসভ্য বিধায়ক,
রাজনৈতিক এবং উৎকোচকর্মীগণের সম্মিলন!
আমার দু’চোখ নিদ্রাপরাহত তবুও আমি চোখ বুজে রইলাম,
আমাকে নিহত করার স্বাগত আয়োজনে-
দু’টো বুটজুতো ঘেউ ঘেউ করছে,
চকচকে চিবুকে উচু হয়ে আছে পিরানহা স্বাপদ-
একটি পেতলের রেকাবিতে উপচে আছে একাঙ্ক মোহরদানা;
চাতালের তেতুলগাছে সাম্প্রদায়িক ভূত-
তবুও আমি পরাস্ত হলাম,
পদবী, হিংসায়, হতাশায় কিংবা বৈভবে-
তবুও আমি পিছিয়ে রইলাম,
দৌড়, দমন আর ক্ষরণের প্রমত্ততায়-
তবে আমার কল্পনার লাগাম টানবে কে!
কল্পলোকে দেখি: অজস্র শব পাশাপাশি,
অজস্র উলংগ শব হেটে চলেছে, অজস্র পদবীহীন
মানুষ বেআব্রু- মশলাদার খোলস পাল্টে তাকিয়ে
অভিমুখে আকাশ; যে আকাশে মেঘ নেই, পদক নেই,
কড়ি নেই, শাসকবর্গের সিলমোহর নেই-
তৈলক্ত মুখের বিভ্রম আকাঙ্খা নেই, সাদা নেই, কালো নেই;
আছে শুধু অপরাধের অমার্জনীয় আমলনামা!
——-
ব্যবহৃত ছবি: ভ্রাদিমির কুশের আকা সুরিয়ালিষ্ট পেইন্টিং।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



