বিএনপিকে উদ্দেশ্যে করে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। এ নির্বাচনে আপনারা অংশ নিলে ভাল, আর যদি অংশ না নেন তবে আপনাদের আমও যাবে ছালাও যাবে।
তিনি বলেন, কারো জন্য নির্বাচন থেমে থাকবে না। সাধারণ জনগণকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কামরুল বলেন, এটি দিল্লিকা লাড্ডু নয় যে চাইলেই পাবেন। এটি আলাউদ্দিনের চেরাগও নয় যে আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে।
মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে কামরুল বলেন, আপনারা সংঘাতের ভয় দেখাবেন না। আমরা সাড়ে চার বছর সংঘাত মোকাবেলা করেই ক্ষমতায় টিকে আছি। আপনারা কেমন সংঘাত করবেন তা আমাদের জানা আছে। আপনাদের কথা শুনে বাংলার মানুষ দু’ভাগে ভাগ হয়ে রাস্তায় নেমে আসবে- এটি আপনারা কোনো দিন ভাববেন না।
বঙ্গবন্ধুর হত্যাকারী প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান মৃত ব্যক্তি না হলে তাকেও এ মামলার প্রধান আসামি করা হত। তিনি মৃত ব্যক্তি বলেই খন্দকার মোশতাকের মতো তাকে বিচারের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
কামরুল বলেন, জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আসামি করা হতো। কারণ তিনি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


