ছোটবেলায় যেসব বই পড়েছি তার মধ্যে মনে আছে ঠাকুরমার ঝুলি আর অলিভার টুইষ্টের কথা। ফাইভ-সিক্সে পড়ার সময় পড়েছিলাম জরাসন্ধের লৌহ কপাট বইটা। এটার দু'ট খন্ড। তার আসল নামটা মনে করতে পারছিনা এই মূহুর্তে। জরাসন্ধ ব্যক্তিগত জীবনে ছিলেন জেলখানার জেলার। আর তার এই বইটা ছিল জেলের ভিতরের নানা অজানা কাহিনী নিয়ে। তবে সেসময়ে আমি মূলত ভক্ত ছিলাম নীহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি রায় সিরিজের গোয়েন্দা গল্পগুলির। সত্যি কথা বলতে কি সেরকম জমজমাট গোয়েন্দা কাহিনী এখন আর চোখে পড়ে না।
সবশেষে আরেকটা বই এর কথা বলি। এটা আমার পড়া অসাধারণ একটি বই। এসএসসি পাশ করার পর চাচাত ভাই তপন বইটা প্রেজেন্ট করেছিল। দেয়ার সময় ও নিজেও কিছুটা দোটানার মধ্যে ছিল কেমন বই দিচ্ছে সেটা নিয়ে। কারণ বইটা ও নিজেও কখনই পড়ে নাই। নাম আর লেখকের নাম দেখে আমিও একটু শংকিত হয়েছিলাম বৈকি। ড. আশরাফ সিদ্দীকির লেখা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। মনে করেছিলাম ড. আশরাফ সিদ্দীকির লেখা কোন আঁতেল মার্কা প্রবন্ধের বই। অনেকদিন তাই বইটা পড়া হয় নি। একদিন বইটা হাতে নিলাম, কারণ সেদিন পড়ার মতো আর কোন বই ছিল না হাতের কাছে। ১ পাতা - ২ পাতা - ৩ পাতা, একসময় বইটা শেষ হয়ে গেল। ড. আশরাফ সিদ্দীকি ছিলেন শান্তিনিকেতনের ছাত্র, আর এই বইটা সেই সময়েরই স্মৃতিচারণ। অসাধারণ ভাষার ব্যবহার আর তার সেন্স অফ হিউমার মিলে বইটা সূখপাঠ্য।
এই বইটা নিয়ে একটা কাহিনী আছে। সেটা দিয়েই শেষ করছি এই বইপড়া পর্বটি। পড়ি তখন কলেজে। বন্ধুদের সাথে বই বিনিময় করে পড়ি। এক বন্ধু কি একটা কাজে বাসায় এসেছে, যাওয়ার সময় বই চাইলো। ওকে গোটা দু'য়েক মাসুদ রানার সাথে এই বইটাও দিয়েছি। সে নিবে না। আমি বললাম - কষ্ট করে গোটা বিশেক পাতা পড়বা। এরপর যদি ভাল না লাগে এই বইটা দিয়ে আমার মাথায় বাড়ি দিও। বন্ধু বললো তথাস্তু। ৩/৪ দিন পর মাসুদ রানা ফেরত দিল কিন্তু এই বইটা দেয় না। জিজ্ঞাসা করতেই লাজুক হেসে বললো ৩য় বার পড়তেসি। আরো কয়েকদিন পরে হাসতে হাসতে বলে বড়আপা বই চাইলে এটা দিয়েছিলাম। কিছুতেই নিবে না। পরে তোমার কথাটাই বললাম - গোটা বিশেক পাতা .... না হলে মাথায় বাড়ি। এরপর থেকে নাকি বাসার সবাই একজন একজন করে পড়া শুরু করেছে।
মাসখানেক পর ক্লাসে অন্য এক ছেলের কাছে দেখি বইটা। আগের বন্ধুকে জিজ্ঞাসা করতেই বললো ওটা তোমার বই, আমি পড়তে দিসি। শুনে আমি একটু আপত্তি করলাম। আমার খূব একটা ইচ্ছা ছিলনা দেয়ার, কিন্তু দিতে হলো। ওকেও নাকি বলেছে - গোটা বিশেক পাতা ... আর নাহলে মাথায় বাড়ি।
আমার সেই বইটা সেই যে সফরে বেড়িয়েছে, আজও ফেরত আসেনি। কেউ হয়তো কাউকে বইটা পড়তে দিয়ে আজও বলছে - "কষ্ট করে গোটা বিশেক পাতা পড়বা। এরপর যদি ভাল না লাগে এই বইটা দিয়ে আমার মাথায় বাড়ি দিও। "
ভাবতে ভালই লাগে।
(সমাপ্ত)
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



