অনুসন্ধানমূলক ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ পুনর্নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করে বলেছেন, ওবামা হচ্ছেন 'ভেড়ার চামড়ার নীচে নেকড়ে আঘ'।
বর্তমানে লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। সেখান থেকে তিনি টেলিফোনে একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ওবামার বিজয়ে আনন্দিত হওয়ার কিছু নেই। ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ বলেন, "ওবামাকে দেখে একজন পুরোদস্তুর ভদ্রলোক মনে হয় এবং মূল বিপদটি সেখানেই।" সবাই তাকে ভদ্র মনে করছে অথচ তিনি বিশ্বের সঙ্গে পাশবিক আচরণ করে যাচ্ছেন। এর চেয়ে ভালো হতো তিনি যদি নেকড়ের চামড়ার নীচে ভেড়ার স্বভাব লুকিয়ে রাখতেন।
অ্যাসাঞ্জ তার বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে বলেন, তার ওয়েবসাইট উইকিলিকসের বিরুদ্ধে যতগুলো ব্যবস্থা নেয়া হয়েছে তার সবগুলো বারাক ওবামার শাসনামলে হয়েছে।
ওবামা নির্বাচিত হওয়ায় বিশ্বের জনগণকে খুশি না হওয়ার পরামর্শ দিয়ে অ্যাসাঞ্জ বলেন, আগামী চার বছরে মার্কিন আচরণে বিন্দুমাত্র পরিবর্তন আসবে না।
২০১০ সালে অ্যাসাঞ্জের ওয়েবসাইট উইকলিকস মার্কিন সরকারের হাজার হাজার গোপন নথী ফাঁস করে দেয়। ফলে বিপাকে পড়ে ওবামা প্রশাসন। এসব নথীপত্রে দেখা যায়, ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনারা নিরীহ মানুষকে ঠাট্টার ছলে মেরে ফেলছে এবং তাদের সঙ্গে পাশবিক আচরণ করছে।
২০১০ সালেই সুইডেনে যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ পুলিশ অ্যাসাঞ্জকে আটক করে। তবে তিনি সুইডিশ নারীর অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, মার্কিন গোপন নথী ফাঁস করে দেয়ার কারণে তিনি ওয়াশিংটনের প্রতিহিংসার শিকার হয়েছেন।
বর্তমানে অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। ইকুয়েডর সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের যে আবেদন অ্যাসাঞ্জ জানিয়েছেন, দেশটি তার প্রতিক্রিয়ায় তাকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু লন্ডন পুলিশের কড়া নজরদারির কারণে অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাস থেকে বের হতে পারছেন না।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



