
কথা শেষ নয়। অথচ কি কথা বলি!
দূষিত রক্ত। ধমনীতে প্রেত নাচে।
হিংস্র শ্বাপদ। তীক্ষ্ণ নখর। মেয়ে,
ভয় জাগ্রত রাখিস নিজের কাছে।
চোখের পাতায় আশঙ্কা। কাঁটাভরা
লোকালয়। চিরচেনা চোরাবালি শত;
যদি টেনে নেয় অতল অন্ধকারে!
মুখোশ! আড়ালে মুখেরা হাস্যরত।
কোথায় দাঁড়াবি? কে প্রবোধ দেবে তোকে?
অস্ফুট রাত। পদে পদে দুর্গতি!
সম্ভ্রমহানি প্রশ্রয় দেয় যারা,
শুনেছি মূলত তারাই সমাজপতি!
দুশ্চিন্তার নদী হয় প্রভাবিত।
তীব্র বাতাস। উড়ে বুঝি সব যাবে?
আশা জীবন্ত রাখ মনে তবু, মেয়ে,
হয়তো সময় একদিন পাল্টাবে!
ছবি: সংগৃহীত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



