
**** কমেন্ট ব্যানে আছি: খন্তা, কোদাল নিয়ে বসে আছি, কমেন্ট মাইনিং'এ বের হতে পারছি না; করোনার লক-ডাউনের মতো অবস্হা ****
অনেকে আফসোস করেন, আগের জাঁদরেল ব্লগারেরা নেই, তাই ব্লগে ভালো লেখা আসে না। জাঁদরেল ব্লগারেরা অবশ্যই আছেন; যাঁরা একবার লিখতে শুরু করেন, তাঁরা লিখতেই থাকেন; উনাদের কেহ কেহ এখন ফেইসবুকে আছেন, লেখার বদলে বউ'এর ছবি লোড করছেন, আর লাইক দিচ্ছেন। এখন যাঁরা ব্লগে টিকে আছেন, এঁরাই আসল ব্লগার, এঁরা সকল প্রতিকুলতার মাঝে টিকে আছেন।
২০০০ সালের পর, বাংগালীরা ব্লগিং'এ এর সন্ধান পান; এই লেখক-জাতির জন্য ইহা ছিলো ভয়ংকর উৎসাহের ব্যাপার; অনেকটা তেলের কুপ আবিস্কারের মতো ! বেশীরভাগ বাংগালীরা বলেন , "ছোটকাল থেকে লেখালেখি অভ্যাস ছিলো"; অনেকে আবার লিখে থাকেন, "ছোটকাল থেকে বইয়ের পোকা ছিলাম"; এই লেখালেখির লোকজন নিজেদের লেখা প্রকাশের এত বড় সুযোগ পেয়ে এমন লেখালেখি শুরু করেছিলেন যে, কিছুদিনের মাঝে নিজের মাথার হার্ডড্রাইভে যা ছিলো, পুরোটাই ব্লগের হার্ডড্রাইভে কপি করে নিজের হার্ডড্রাইভকে যথাসম্ভব মুক্ত করে ফেলেছেন, এঁরা এখন ভারমুক্ত; বইয়ের পোকারা বই খাওয়ার পর, এখন কয়েকটা ব্লগও খেয়ে ফেলেছেন।
যাঁরা নিজের মাথা থেকে সবকিছু ব্লগের হর্ডড্রাইভে কপি করেননি ও যারা আগে বই খেতেন না, তাঁদের কয়েকজন এখনো ব্লগে আছেন; এঁরা স্বাভাবিক ব্লগার, আসল ব্লগার।
আমার লেখার য্তটুকু অভ্যাস ছিলো, উহা ছিলো স্কুলের হোম-ওয়ার্ক ও পরীক্ষার খাতায়; আমাদের সময় কাগজের মুল্য ছিলো অনেক, পরিবার কাগজ কেনার চেয়ে লবন কিনতে ব্যস্ত থাকতো; আমি বইযয়ের পোকাও ছিলাম না, ক্লাশের পাঠ্য বইগুলো পড়তাম ও যত্ব করে রাখতাম, যেন আমার পরে অন্যেরাও পড়তে পারেন; শেখ হাসিনার সময়ের মতো ফ্রি বই বলতে কিছু ছিলো না তখম। তখন বইমেলাও ছিলো না; গল্প, উপন্যাসের বই কিনে পড়তে হতো; আমার হাতে যেই পরিমাণ পয়সা আসতো, উহা দিয়ে লজেন্চ কেনা সম্ভব হতো, বই টই কেনা হতো না; রবী ঠাকুর যে, এত বড় কবি, ব্লগে আসার পর জানলাম।
আমি লেখালেখি করতে ব্লগে আসিনি; ব্লগে এসেছি বাংলাদেশের সকল লেভেলের শিক্ষিতদের লেখা দেখতে, তাঁদের ভাবনাচিন্তা, ধারণা, কর্মকান্ড ইত্যাদির সাথে পরিচিত হতে; বাংলাদেশের রাতগুলোতে এখনো পেঁচার মতো ব্লগে হাজিরা দিচ্ছি। বাংলাদেশীরা পাখী দেখলেই ঢিল ছোঁড়েন, পেঁছা দেখলে তো অবস্হা ভয়ংকর; ভাগ্য ভালো যে, পেঁচা রাতে বের হয়, মানুষের চোখে কম পড়ে।
যাঁরা এখনো ব্লগে আছেন, সন্দেহ নেই যে, এঁরাই আসল ব্লগার; ফেইসবুক এঁদেরকে দখল করতে পারবে না কোনকালেও; এঁরা মাথা থেকে কোনকিছু ব্লগে ডাউনলোড করলেও, ১ কপি মাথায় রাখেন; তাই, এঁদের মাথার হার্ডড্রাইভ সহসা খালি হওয়ার সম্ভাবনা নেই।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




