তখন আমি লাগামছাড়া ইচ্ছা ঘুড়ির অধীন
স্বপ্ন চোখে চলতি স্রোতে ভেসে যাওয়া স্বাধীন,
ইচ্ছা হলেই মাঠ পেরোতাম ঘাটের পরে ঘাট
এক ছুট্টে পৌছে যেতাম বাদামতলীর হাট ।
খেলনা ঘোড়া,মাটির পুতুল,কাচের চুড়ির ভীড়ে
আজও বুঝি শৈশব মোর আসে ফিরে ফিরে।
একলা দুপুর-প্রখর রোদে নির্ঘুম ঘুরাঘুরি
সুতায় সুতায় প্যাচ খাওয়া সব ঘুড়ির উড়াউড়ি,
পুকুর পাড়ে চুপি চুপি ছিপ ফেলতে গিয়ে
পালিয়ে এসেছি রাজহংসীর দুষ্টু তাড়া খেয়ে।
আরও আছে মায়ের বকুনি শাষনের বাড়াবাড়ি
ছোট্ট ভাইয়ের সাথে খুনসুটি আদরের কাড়াকাড়ি।
গোল্লাছুট আর বউচির মাঝে ঝগড়া মারামারি
প্রিয় বন্ধুর সাথে রাগ আর জন্মের আড়াআড়ি।
এতদিন পরে হঠাত খেয়ালে
পিছন ফিরে দেখতে পাই
শৈশব আছে তারি জায়গায়
হলুদ ফ্রকের খুকিটা নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




