ধরে নেই ঐশী অপরাধী, তার অবশ্যই বিচার হওয়া উচিত তবে তা তার বয়স বিবেচনায় রেখেই।
আমি শুধু দেখছি আপন মা বাবাকে হত্যার পরও ঐশীর নির্বিকার মুখটি, ঐ মুখটি মাত্র সতেরো বছর বয়সেই কি করে আয়ত্ব করলো এই নির্লিপ্তি! কি করে, কখন কত খানি ঘৃণায় কতখানি গ্লানিতে রপ্ত করলো এমন নিস্পৃহতা!
একটি শিশু নিজ হাতে নিজের গর্ভধারিনীকে আর জন্মদাতাকে হত্যার পর পেরিয়ে গেছে পাঁচ পাঁচটি দিন, ও কি কেঁদেছে একবারও গোপনে অথবা প্রকাশ্যে? মিডিয়া কেন ওর বয় ফ্রেন্ড খুঁজছে? মিডিয়া কেন ওর চোখের জল খুঁজছে না?
ঐশী যত বড় অপরাধীই হোক এই অবস্থায় ওর একজন সাইকিয়াট্রিস্টের সহায়তা প্রয়োজন, কার দায়? কে বুঝবে তার এই প্রয়োজনটির কথা? যারা একটু হলেও বুঝতে পারতো তাদেরকে সে নিজের হাতে পাঠিয়ে দিয়েছে কিছু না করতে পারার অসহায় অন্তরালে, আমি নিজে একটি ছোট্ট শিশুর মা, আমি কল্পনা করছি আমার শিশুটি আমাকে হত্যার উদ্দেশ্যে ২২ টি কোপ দিয়েছে তবু মনে হয় আমি চাইবো আমার শিশুটির সাথে যেন শিশু অধিকার লঙ্ঘিত না হয়, আমি চাইবো এই অবস্থায় আমার শিশুটি যেন আমার জন্য না হোক নিজের জন্য হলেও একটু কাঁদতে পারুক!
একটি ছবি দেখলাম পুলিশ পরিবেষ্টিত ঐশি চেষ্টা করে যাচ্ছে তার মুখটি চাদরে আড়াল করতে আর তার পাশের পুলিশগুলো জোর জবর দস্তি করে উন্মোচন করে দিচ্ছে তার মুখটি বোঝাই যায় ক্যামেরার সামনে। কি অমানবিক আমাদের মিডিয়া কি অমানবিক আমাদের পুলিশ বাহিনী।
আমার মনে হয় আজ যদি ঐশীর মা নিহত না হয়ে আহত হতেন তিনি অবশ্যই ঐ অবস্থাতেও চাইতেন তার মেয়ে ঐশী, যে মেয়ে তাকে ১১ বার ছুরিকাঘাত করেছে সে কাঁদবার মতো খুঁজে পাক কোনো স্কন্ধ, অথবা এতটুকু মমতার পরশ ওর চোখে কান্না এনে দিক! আহা বাচ্চাটা আমার! আমারই ব্যার্থতার, আমারই ভুলের ভার বইছে একা, কি অভিব্যাক্তিহীন ওর মুখটি? মা হয়ে কেন আমি পড়তে পারলাম না ওর কষ্টের ভাষা, কেন মা হয়ে আমি পড়তে পারলাম না ওর মুখ? নিজের শরিরের রক্ত অস্থিমজ্জা দিয়ে যাকে আমি জীবন দিয়েছি তাকে আমি পড়তে পারলাম না! আর কার দায় পড়েছে আমার মেয়েটিকে একবার কাঁদাবার, কার দায় পড়েছে ওকে বলবে ঐশী তোর মা বাবা মরে গেছে তুই হাউ মাউ করে কাঁদছিস না কেন? মানবিক বলয়ে ঐশীর বিচার হোক! কেউ কি নেই এই দেশে এই বিষয়টি নিশ্চিত করবে? —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


