আজ জানালা খুলে দিতেই হুমড়ি খেলো হিম হাওয়া
পশমিনা চাদরের মতো জড়িয়ে ধরে বললো:
আজকের দিনটি শুধুই তোমার;
মুখোমুখি বসো তার!
অনন্ত জীবন পালিয়ে বেড়ানো যায় না!
কোনো আয়োজন নেই, নেই কোন বিয়োজনও;
আবছায়া আলস্য আড়মোড়া ভেঙে বলে- ঐ দেখো
অদৃশ্য হ্যাঙ্গারে ধুলিমাখা অঙ্গিকার গুলো সব,
কি রকম ঝুলে আছে, ভাজ না খোলা শাড়ীর
মতো, ওদেরওতো অনেক কথা জমে আছে!
পুরোনো বইয়ের তাকে খোঁজা হলো কিছু সময়,
ময়ূরের দুর্লভ বর্ণিল পাখনার সাথে জড়িয়ে
যাদের সুবাস; বুকমার্কের মতো রেখেছিলাম
জীবনের পরতে পরতে, সেই সব বিবর্ণ
সুখের ভেতর শুধুই সময়ের জং;
সুবাস হারিয়ে এখন তারা
শুধুই নয়নতারা, শিউলী,
গোলাপের পাপড়ি
আর প্রজাপতিগুলো
কিশোরীর আনমনা দিন;
নিছক কালের ফসিল।
যারা যারা একদিন ঘেসাঘেসি করে
আমাদের হৃদয়ের খুব কাছে ছিলো,
তারা তারা সব -ক্রীতদাস হয়ে
মেটাচ্ছে হাঙ্গর-পৃথিবীর
কর্পোরেট ক্ষুধা!
বন্ধুরা জান কি তোমরা;
আজ সারা দিন শুধুই
তোমাদের দিন!
নীল বিষাদ পালঙ্কে নৈমিত্যিক নি:সঙ্গতা
ককিয়ে কাঁদে ঘুমের ভেতর।
শিশুর সারল্য মাখা তার মুখ,
দেখে মায়া লাগে,
দুরবগাহ সর্ম্পকের মাঝে
ডুব দিয়ে মুঠো ভরা
নীল নীল ক্লান্তি জিতে
কেমন সুখে আছে সে!
আমার কেন তবু
একা-একা লাগে!
টেমস পারে সন্ধ্যার
জনাকীর্ণ অন্ধকারে
অনতিক্রম্য সুদুর;
তোমারও কি
একলা লাগে?
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




