
ঝরে যাবার ব্রত নিয়ে যে পাতা জন্মায়,
প্রতিনিয়ত সুখদুঃখকে পাথেয় করেই সে
কাটিয়ে দেয় আমৃত্যুকাল,
তার স্মরণসভায় ফাগুনের আল্পনা থাকে না,
শুধু শিরা উপশিরায় গাঁথা থাকে বীভৎস ইন্দ্রজাল।
আমিও ঠিক ঝরা পাতার মতোই একেকটা
ব্রত নিয়ে এসেছিলাম এই নশ্বর পৃথিবীতে;
মৃত্যুকে করতলে রেখেই বেঁচে থাকার লোভ
আমায় ছন্দের স্বরলিপি শিখিয়েছিল,
আঁধার নামলেই বুকের করিডোরে যে প্রেম
এখনো গুটিগুটি পায়ে নিভৃতে হাঁটে, তাকে
বন্দী রেখে পোষ মানাবার ব্রতে ব্যর্থ হয়েছি।
সমাজের দ্যোদুল্যমান ইতিহাসের পৃষ্ঠায়,
কোথাও ভালোবাসার জ্বলজ্বলে চিত্র পাইনি,
তবুও চোখে এঁকে যাব অমরতার কাজল;
যেহেতু চলার পথে কিছু বান্ধব জুটেছিল,
তাঁদের দুঃখের সব গোপনীয় কথা একদিন
আত্মীয়ের মতোন —আমাকেই শুনিয়েছিল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


