আছে না কিছু মানুষ যারা এক বুক অভিমান চেপে দিব্যি ঘুরে বেড়ায়...বাইরে থেকে দেখে কিচ্ছুটি বোঝার উপায় নেই...শুধু একা হলেই অভিমানগুলো তাদের বুক থেকে মাথায় টগবগ করে...
ও আমায় কেন বুঝলো না...আমার ফোন কেন ধরলো না....আমার প্রশ্নের কেন উত্তর দিলো না....আমার সাথেই এমন হয় কেন...যাবার বেলায় আমার দিকে কেন একবার চাইলো না...কেন আমি কিছু করতে পারি না...কেন বলতে পারি না, তোমায় ভালবাসি...বন্ধুরা আমায় ভালবাসে না কেন...ও আমায় এড়িয়ে যায় কেন...বেতন চাইতে গেলে বড়বাবু এরকম তাচ্ছিল্য ভরে তাকায় কেন...
এরকম কতো শতো অভিমান...কারণে অকারণে অভিমান...নিজের ওপর, পরিবারের ওপর, বন্ধুর ওপর, জগত সংসারের ওপর...রাজ্যের অভিমান...
শুধুই অভিমান...অন্যকিছু নয়...রাগ, শোক, অবহেলা, ব্যর্থতা সব অনুভূতিই একসময় অভিমানে পরিণত হয়...এরা একটু লাজুক প্রকৃতির হয়...জীবনে অসফলতো বটেই...
অল্পতেই এদের চোখে জল আসে...অল্পতেই খুশি...স্বল্প পরিচয়ে মানুষকে আপন করে নেয়...আবার তীব্র অভিমানে দূরে সরে যেতে সময় নেয় না...
অতি উৎসাহ নিয়ে যে কোন উৎসব বা আয়োজনে এরা ঝাঁপিয়ে পড়ে...দিনভর রাজ্যের পরিশ্রম করে সন্ধ্যায় সবার অলক্ষ্যে ওই বিয়ে বাড়ি ছেড়ে মাথা নীচু করে বেরিয়ে আসে...কারো না কারো ওপর অভিমান করেই...
অতি অভিমানী এসব মানুষের আচরণ এই জগতের সাধারণের কাছে ছেলেমানুষী, বাড়াবাড়ি অথবা মেয়েলী...এই অভিমানী মানুষগুলোর কেউ কেউ ভীষন সাহসী...
তারা অভিমান করে নিজেকেই ধ্বংস করে দেয়...তোমরা যাকে আত্মহত্যা বলো...
বি:দ্র: আমার বন্ধু তালিকায় থাকা কেউ এমন অভিমানী মানুষের সন্ধান জানেন??? পারলে আমাকে জানাবেন...আমি পৃথিবীর সব অভিমানী মানুষদের নিয়ে একটা দল গড়তে চাই...যদিও জানি অভিমান করে তা হয়তো আর কখনোই গড়া হবে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

