আমরা যুদ্ধ দেখিনি, বেয়নেটের আঘাতে এক যুবকের আর্তচিৎকার আর শরনার্থী শিবিরের সেই আগুনে ঝলসে যাওয়া যুবকের কথাগুলো ঝকঝকে আয়নার মত একাত্তরকে তুলে ধরে আমাদের সামনে । রাজনীতি, ধর্ম, যুদ্ধ এসবের কিছুইতো বুঝতোনা জেলে হরিপদ, তবু লাশ হয়ে ঘরে ফেরে সে।
বোবা মেয়েটির হঠাৎ করেই পাতার বাশিঁতে সুর তোলা ডেসমান্ড এর মনে আশা জাগায়-একদিন আমাদের দেশের বাশিঁও অমন সুরে গাইবে।
পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা রাষ্ট্রযন্ত্র বোঝেনা, বোঝেনা এলিট শ্রেনীর কূটচাল। তারা শুধু জানে মা, মাটি আর মানুষ। তাইতো প্রানের মায়া তুচ্ছ করে শত্রুর উপর ঝাপিঁয়ে পরে আর খাবার টেবিলে প্রত্যাশা করে আর একটি ভয়ংকর সম্মুখযুদ্ধের।
চার্চে আত্মগোপন করে থাকা মুক্তিযোদ্ধাদের বেয়নেট আর রাইফেলের বাট এর আঘাতে জর্জরিত করে পাকিস্তানী আর্মি কমান্ডারের মুখে ক্রুর হাসি ফুটে ওঠে যীশু খ্রীষ্টের ক্রুশবিদ্ধ মুর্তি দেখে। ধরা পরে যাওয়া সেই তিনজন মুক্তিযোদ্ধাদেরও ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয় যীশুর মতই।
নির্যতিত যারা, তারাই ক্রুশবিদ্ধ হয়। ক্রুশে বিদ্ধ হয়ে ওরা বারবার পৃথিবীতে ফিরে আসে অমানুষদের মনোবল বিদ্ধ করতে। যীশুরা কখনও মরেনা। যারা ওদের মারতে চায় তারাই নিক্ষিপ্ত হয় ইতিহাসের আস্তাকুড়ে।
নাসির উদ্দিন ইউসুফ এর এই ছবিটি দেখে রক্তে নাচন জাগে। ক্রোধ আর ঘৃনা জেগে ওঠে খানসেনা আর তাদের দোসরদের প্রতি। বিচারের দাবি ক্ষিপ্র হয়ে ওঠে। ওদের কোন ক্ষমা নেই।
যুদ্ধের জন্য মরিয়া হয়ে উঠি।
একত্তরের যীশুরা, তোমাদের লাল সালাম।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





