
বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয় ঘটনা । গত শীতে দেশে ফিরেছিলেন তারেক রহমান। অন্যদিকে এবার দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা।
শেখ হাসিনার আগমনী বার্তায় কি দেশের মানুষ গরম হতে চলেছে ? এখন পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কিছু অবশ্য দেখা যাচ্ছে না। তবে শেখ হাসিনার ১৬ই ডিসেম্বরের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দাদাবাবুদের শরীর বেশ গরম মনে হচ্ছে। কেউ সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে ঢুকিয়ে দিচ্ছেন, কেউ আবার বাংলাদেশ দখলের হুমকি-ধমকি দিচ্ছেন। এসব দেখে আমার মনে পড়ে গেল ইউনূস স্যারের কথা। নিজেকে নিজেই বুঝালাম, সব দোষ ইউনূসের।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূস সাহেব বেশ গরম গরম কিছু বক্তব্য দিয়েছিলেন। সেভেন সিস্টার্সকে ঘিরে তাঁর বক্তব্য অনেকেরই পছন্দ হয়নি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সমুদ্রবন্দরে প্রবেশাধিকারের প্রসঙ্গ তুলে তিনি যে ভূরাজনৈতিক বাস্তবতার কথা বলেছিলেন, তা নিয়ে তখন বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। ইউনূস স্যারের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামসহ অনেকেই দিল্লি নয়, ঢাকা; গোলামি নয়, রাজপথের মতো স্লোগান দিয়েছিলেন।
এসব নিয়ে তখন প্রচুর সমালোচনা হয়েছিল। কারা সমালোচনা করেছিলেন? সাধারণ মানুষের একাংশ সমালোচনা করেছিলেন, তবে বড় একটি অংশ ছিল আওয়ামী লীগ সমর্থক ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দালাল। কিন্তু এখন তারা চুপ কেন ?
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে ২২শে নভেম্বর সমাবেশ করেছেন ভারতের হিন্দু সুরক্ষা সমিতি ও মাতুয়া সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তোলা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানোর কথাও বলা হয়েছে।
স্বপন মজুমদার শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেই থেমে থাকেননি। তিনি বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ বলার পাশাপাশি বিদেশি শক্তির সহযোগিতায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা বলেছেন। এমনকি হিন্দুদের ওপর নির্যাতন চলতে থাকলে ভারত চুপ করে থাকবে না, প্রয়োজনে আক্রমণও করতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে অশোক কীর্তনীয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের শেখ হাসিনার পাশে দাঁড়ানো এবং তাঁর প্রত্যাবর্তনের সময় দলবদ্ধভাবে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনা যখন নির্বাচন করে ক্ষমতায় আসতেন, তখন কি সেই নির্বাচনগুলো অবৈধ মনে হতো না ? ২০১৪ সালের নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নেয়নি, বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচন নিয়ে রাতের ভোটের অভিযোগ উঠেছিল। ২০২৪ সালের নির্বাচনকে অনেকেই 'আমি-ডামি' নির্বাচন বলে আখ্যা দিয়েছিলেন। তিনটি নির্বাচন নিয়েই বাংলাদেশের ভেতরে এবং আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্ন ছিল। কিন্তু তখন বাংলাদেশের নির্বাচনী বৈধতা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি বিদ দের এত উদ্বেগ কোথায় ছিল?
২০১৩ সালের ডিসেম্বর মাসে ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব সুজাতা সিং বাংলাদেশে এসেছিলেন। তাঁর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক। তখন এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। বৈঠকের পর এরশাদ নিজেই সাংবাদিকদের জানিয়েছিলেন, ভারত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে। এমনকি তিনি নির্বাচনে অংশ না নিলে জামায়াত-শিবিরের উত্থান হতে পারে, এমন যুক্তিও তাঁকে দেওয়া হয়েছিল বলে এরশাদ জানিয়েছিলেন।
অর্থাৎ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে, কোন দল অংশ না নিলে কী রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে, সেসব বিষয়েও তখন ভারতের পররাষ্ট্রসচিব সরাসরি আলোচনা করেছিলেন। সেই সময় ভারতের এই ভূমিকা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক হয়েছিল। কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকা নিয়ে ভারতীয় রাজনীতিকদের মধ্যে তেমন আপত্তি দেখা যায়নি।
এবার আসি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রসঙ্গে।
আওয়ামী লীগকে সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। সেই পরিচয়ের কারণে দলটি যা করেছে, তার অনেক কিছুই প্রশ্নের ঊর্ধ্বে রাখার চেষ্টা হয়েছে। নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, বলা হয়েছে মুক্তিযুদ্ধবিরোধীরা ক্ষমতায় আসবে। বিরোধী দলের ওপর দমন-পীড়ন হয়েছে, বলা হয়েছে দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। ব্যাংক লুটপাট, অর্থ পাচার, হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাওয়ার অভিযোগ উঠেছে, তখনো দলটির পরিচয় সামনে আনা হয়েছে। যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেই সব ধরনের অনিয়ম দেশের স্বার্থে করা হয়েছে বলে ধরে নিতে হবে!
বিলিয়ন ডলারের অর্থ পাচারের অভিযোগও যেন সেই পরিচয়ের আড়ালে চাপা পড়ে যাবে। জনগণ প্রশ্ন করতে পারবে না। নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলতে পারবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি! কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার অর্থ কি রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অনুমতি? দেশের মানুষকে রাজনৈতিকভাবে বন্দি করে রাখার অধিকার?
এবারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় আর ভারতের কিছু রাজনীতিকের বক্তব্যের মধ্যে একধরনের অদ্ভুত মিল তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ কাকে ক্ষমতায় দেখতে চায়, সেটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। কিন্তু পশ্চিমবঙ্গের একজন বিধায়ক বা মন্ত্রী যদি বাংলাদেশের সরকারকে অবৈধ ঘোষণা করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাজনৈতিক কর্মসূচি নেন, তাহলে সেটি কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ নয়?
ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য এসব বক্তব্যকে নিজেদের আনুষ্ঠানিক পররাষ্ট্রনীতি হিসেবে ঘোষণা করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী যখন বাংলাদেশের ভূখণ্ড দখলের কথা বলেন, তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট প্রতিবাদ বা প্রত্যাখ্যান কোথায় ?এবার একটু পুরোনো ইতিহাসে যাওয়া যাক।
২০২২ সালের ১৮ই আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছিলেন, তিনি ভারতকে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার অনুরোধ করেছেন। তাঁর বক্তব্য ছিল, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারত সরকারকে যা যা করা দরকার, তিনি তা করতে অনুরোধ করেছেন। এমনকি ভারতীয় একটি বক্তব্যের পর বাংলাদেশ চুপ ছিল এবং ভারতকে একধরনের সুরক্ষা দিয়েছিল বলেও তিনি উল্লেখ করেছিলেন।
এ বক্তব্য নিয়ে তখন সমালোচনা শুরু হলে মোমেন অবশ্য পরে তা অস্বীকার ও ব্যাখ্যা করেছিলেন। কিন্তু একজন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে এমন বক্তব্য বেরিয়ে আসার বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করেছিল। এরপর ২০২৩ সালের অক্টোবর মাসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, "তলে তলে আপস হয়ে গেছে, দিল্লি আছে, আমরাও আছি।" তাঁর বক্তব্যের আরেকটি অংশ ছিল, "আমেরিকারও দিল্লিকে দরকার।" অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের আগে দিল্লির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ও সমঝোতার বিষয়টি তিনি নিজেই প্রকাশ্যে তুলে ধরেছিলেন।
তখন এসব নিয়ে সমালোচনা হয়েছিল। আওয়ামী লীগের নেতারা অবশ্য নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে 'ভারত লীগ' ধরনের ঠাট্টা কেন তৈরি হয়েছিল, সেটি বুঝতে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই। রাজনৈতিক নেতাদের বক্তব্য ও আচরণই এই ধারণা তৈরিতে ভূমিকা রেখেছিল।
বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানোর কথা বললে ভারতের এত সমস্যা কোথায়? ভারত যদি শেখ হাসিনাকে আর রাখতে না চায়, তাহলে বাংলাদেশের সরকারের চাওয়া অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়ায় তাঁকে ফেরত দিলেই তো হয়। বাংলাদেশ তো সাধারণ যাত্রী হিসেবে তাঁকে ফিরিয়ে আনার দাবি করছে না। বাংলাদেশ বিচার ও আইনি প্রক্রিয়ার কথা বলছে।
আসল সমস্যা সম্ভবত শেখ হাসিনার দেশে আসা নিয়ে নয়, বরং তিনি কীভাবে দেশে ফিরবেন এবং তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেটি নিয়ে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার কথা বলছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের একাধিক রাজনীতিক সীমান্তে সমাবেশ করছেন, শেখ হাসিনাকে ফেরানোর আহ্বান জানাচ্ছেন, এমনকি বাংলাদেশের সরকারকে অবৈধ বলছেন। আবার একজন মন্ত্রী বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন।
এটিকে ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক পররাষ্ট্রনীতি বলা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার কি এসব বক্তব্যের বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান নিয়েছে? ভারত প্রায়ই বলে, বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করে না। আবার বিভিন্ন সময়ে এমন বক্তব্যও শোনা যায়, বাংলাদেশকে সবকিছু বন্ধ করে দেওয়া হবে। কথাগুলো এমনভাবে বলা হয়, যেন ভারত বাংলাদেশকে বিনা পয়সায় সবকিছু সরবরাহ করে। বাস্তবতা কিন্তু ভিন্ন।
বাংলাদেশ ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় ১১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রপ্তানি করেছে মাত্র ১.৮ বিলিয়ন ডলারের পণ্য। অর্থাৎ দুই দেশের পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বেশি। একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশের বাজার ভারতের জন্য কত বড়। ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে, ভারতীয় শিল্পের কাঁচামাল ও কৃষিপণ্য বাংলাদেশে আসছে। কিন্তু বাংলাদেশের পণ্য ভারতের বাজারে সেই অনুপাতে জায়গা করে নিতে পারছে না।
শেখ হাসিনার সরকার যদি এত দীর্ঘ সময়ে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি অন্তত ৫ বিলিয়ন ডলারে নিতে পারত, তাহলেও পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত। কিন্তু সেই সক্ষমতা তৈরি হয়নি। ভারত এমন কোনো কাঁচা খেলোয়াড় নয় যে নিজের দেশের শিল্প ও কৃষিকে ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশকে নির্বিঘ্নে বাজার দখলের সুযোগ দিয়ে দেবে। ফলে কাগজে-কলমে শুল্কমুক্ত বাজার সুবিধা থাকলেও বাস্তবে বাজারে প্রবেশ, অশুল্ক বাধা এবং বাণিজ্য বৈষম্যের প্রশ্ন থেকেই যায়।
পেঁয়াজের কথাই ধরুন। ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তখন বাংলাদেশের বাজারে কী ধরনের চাপ তৈরি হয়, আমরা দেখেছি। কিন্তু এখন বাংলাদেশ নিজেই পেঁয়াজ উৎপাদন বাড়িয়েছে। উৎপাদন ও সংরক্ষণব্যবস্থার উন্নতির ফলে দীর্ঘ সময় আমদানি ছাড়াই বাজারের চাহিদা মেটানোর সক্ষমতা তৈরি হয়েছে। অর্থাৎ চাইলে আমদানির ওপর নির্ভর না করে দেশেই উৎপাদন বাড়ানোর কাজ করা যায়।
সরকারের উচিত ছিল আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন, সংরক্ষণ ও কৃষকের সক্ষমতা বাড়ানো। কিন্তু অতীতে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমানোর চেয়ে আমদানি ব্যবস্থাপনা ও সুবিধাভোগীদের স্বার্থ বেশি গুরুত্ব পেয়েছে বলে প্রশ্ন উঠেছে। সরকার যে দলই করুক, ভারতীয় পণ্যের বাজার বাংলাদেশে থাকছে। ভারতেরও বাণিজ্যিক লাভ হচ্ছে। তাহলে এত হুমকি-ধমকির প্রয়োজন কী?
আরেকটি বিষয় লক্ষণীয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনাগুলোর একটি ছিল, বাংলাদেশ এখন পাকিস্তানের কোলে চলে যাচ্ছে। পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, বাংলাদেশ আবার পাকিস্তানের দিকে ঝুঁকছে। পাকিস্তানকে বাংলাদেশের অনেক মানুষ এখনো ১৯৭১ সালের ইতিহাসের কারণে ভালো চোখে দেখে না।
দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়েও মানুষের সমালোচনা রয়েছে। এমনকি ইমরান খানের প্রতি বাংলাদেশের অনেক মানুষের সহানুভূতিও রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর প্রশ্নে সরকারকে সমালোচনা করার জায়গা দিন দিন সংকুচিত হচ্ছে কারণ একই সময়ে আওয়ামী লীগ ও ভারতের কিছু রাজনৈতিক নেতার বক্তব্য এবং অবস্থান দেখে প্রশ্ন জাগে, আওয়ামী লীগ কি আদৌ নিজস্ব রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারছে ?
বাংলাদেশের একটি রাজনৈতিক দল যখন অন্য দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্যের সঙ্গে নিজেদের বক্তব্য মিলিয়ে ফেলে, তখন সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়াটা স্বাভাবিক । একসময় হাসনাত আব্দুল্লাহ ভারতকে নিয়ে কঠোর বক্তব্য দিলে আমরা অনেকেই বলতাম, কথাবার্তায় সংযত হওয়া উচিত। কারণ সে তখন রাষ্ট্রের কোনো মন্ত্রী বা সংসদ সদস্য ছিল না। কিন্তু এখন ভারতের রাজনীতি বিদেরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, সীমান্তে সমাবেশ করছেন, বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন। তখন একই মানুষদের অনেককে আগের মতো সরব দেখা যাচ্ছে না।
বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কূটনীতিতে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু তাই বলে অন্য দেশের রাজনৈতিক নেতাদের প্রতিটি বক্তব্য মেনে নিতে হবে, এমন তো নয়। পেট্রাপোলের সমাবেশের পরই ভারতীয় হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো উচিত ছিল । ভারতের একজন মন্ত্রী যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলেন, আরেকজন যখন বাংলাদেশের ভূখণ্ড দখলের হুমকি দেন, তখন শুধু সংবাদমাধ্যমে পাল্টা বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ হয় না। কূটনৈতিকভাবে বিষয়টি দিল্লিকে জানানো এবং ব্যাখ্যা চাওয়া প্রয়োজন।
শীত আসছে। দাদাবাবুদের শরীর গরম হোক। বাংলাদেশের মানুষের আপাতত শীতের কাপড়ের প্রস্তুতি নেওয়াই ভালো। না হলে আবারও শুনতে হবে, শীতের জন্য দায়ীও ইউনূস!
ফটোকার্ড: গুজব নিউজ জি-২৪
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

