আজকের দিনে বিমান থেকে মানুষ হত্যা আর সম্পদ ধ্বংস করার জন্য ব্যবহার করা হচ্ছে স্মার্ট বোমা। এগুলোতে থাকছে মহাকাশভিত্তিক অত্যাধুনিক সেন্সর ও প্রিসিশন স্যাটেলাইট নেভিগেশন। প্রচলিত যুদ্ধাস্ত্র এর কাছে একেবারে নগণ্য। প্রযুক্তি আজ যুদ্ধকে করে তুলেছে এক খরচবহুল খেলা বা হাই-স্পেন্ডিং গেম। যাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ যুদ্ধাস্ত্র নেই, তারা সামনাসামনি যুদ্ধ এড়িয়ে গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বনে বাধ্য হচ্ছে। তারপরও প্রযুক্তি আজ যুদ্ধাস্ত্র তৈরিতে যে বিবর্তন এনে দিয়েছে, তা যুদ্ধবিগ্রহে লোকক্ষয়কে সর্বোচ্চ মাত্রায় এনে দাঁড় করিয়েছে। অর্থাৎ আজকের দিনের যুদ্ধে হিউম্যান কস্ট ভয়াবহভাবে বেড়ে গেছে।
স্মার্ট বোমা
যুক্তরাষ্ট্র প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে যাওয়ার সুবাদে অস্ত্রপ্রযুক্তি বা ওয়েপন টেকনোলজিতেও রয়েছে সবচেয়ে এগিয়ে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রয়েছে ‘ফুল স্পেকট্রাম ডোমিন্যান্স’ বা পূর্ণমাত্রার প্রাধান্য। যুক্তরাষ্ট্র গভীরভাবে বিশ্বাস করে বিজয় নিশ্চিত করতে হলে সবক্ষেত্রে প্রয়োজন সর্বোত্তম মানের প্রযুক্তি তথা সুপিরিয়র টেকনোলজি। যদিও সমালোচকেরা তা স্বীকার করে না। সে যাই হোক, সে বিশ্বাস থেকে যুক্তরাষ্ট্রসহ জ্ঞানবিজ্ঞানে উন্নত অন্যান্য ধনী দেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ যুদ্ধবহরে যোগ করেছে ব্যয়বহুল অভিজাত ও ধ্বংসকর নানা যুদ্ধবিমান। এগুলোর অনেকই আজ যুদ্ধের ময়দানে হাজির হয় মানুষবিহীনভাবে। আজকে রোবট বিমান নির্বিবাদে বোমা হামলা চালাছে শত্রুপক্ষের লক্ষ্যস্থলে। আসছে দিনে হয়তো আমরা দেখবো মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে রোবট বিমান হামলে পড়ছে শত্রুপক্ষের ওপর। রোবট স্বয়ংক্রিয়ভাবে চালাবে অত্যাধুনিক সব মারণাস্ত্র। ধ্বংস করবে শুধু সামরিক লোকজনই নয়, বিপুলসংখ্যক বেসামরিক লোকসহ সম্পদরাজিও। ভবিষ্যতের পদাতিক সৈন্যের ঝুলিতে হয়তো থাকবে পাওয়ার এক্সো স্কেলেটন ও রোবটিক প্যাক মিউলের মতো ভয়ানক মারণাস্ত্র। যেগুলো আজকের দিনে আমাদের কল্পনারও বাইরে।
অগ্রসর মানের প্রযুক্তি
আগামী দিনের যুদ্ধক্ষেত্র হয়তো সম্প্রসারিত হবে মহাকাশেও। সেখানে থাকবে কক্ষপথে প্রদক্ষিণরত অস্ত্রাগার। সামরিক ভাষায় যার নাম ‘অরবিটিং আরসেনাল’। থাকবে অতি উঁচুতে চলার উপযোগী এয়ারোস্পেসপ্লেন। রোবট বিমানগুলো উপগ্রহগুলো ধ্বংস করে দেয়ার ক্ষমতাসম্পন্নও হতে পারে। তবু রোবট বিমানকে কাজে লাগানো হতে পারে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা অন্যান্য কক্ষপথে প্রদক্ষিণরত সামরিক সম্পদ রক্ষায়। যারা প্রযুক্তিতে পিছিয়ে থাকবে তারা ক্রমবর্ধমান ফায়ার পাওয়ার থেকেও নিজেদের বাঁচাতে পারবে না। নতুন নতুন অস্ত্র এখন আবিষ্কার হচ্ছে বাঙ্কারের গভীরে হামলা চালানোর জন্য। এর মধ্যে আছে সুপারক্যাভিটিং ওয়্যারহেড এবং বুরোয়িইং বোমা।
অতি উচ্চাভিলাষী অস্ত্র পরিকল্পের মধ্যে আছে একটি বর্ম তৈরি করা, যা যুক্তরাষ্ট্রকে রক্ষা করবে ব্যালিস্টিক মিসাইলের আক্রমণ থেকে। এই বর্ম তৈরি হবে এয়ারবোর্ন লেজার ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে। কিন্তু যেমনটি ভাবা হয়েছিল তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছে এ লেজার প্রোগ্রাম। যেমনটি চ্যালেঞ্জিং একটি ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্রকে আঘাত করা। কিন্তু লেজার দিয়ে ট্যাকটিক্যাল রকেট ও আর্টিলারির গুলিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে। নিউট্রিনো বিম বা রশ্মি আঘাত হানতে পারে পৃথিবীর অপরপ্রান্তের ক্ষেপণাস্ত্রের ওপর। তা সত্ত্বেও অনেক সমালোচকের সন্দেহ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্প সফল নাও হতে পারে।
কম মারাত্মক অস্ত্র
অস্ত্র উদ্ভাবক ও সমালোচকদের মধ্যে কম মারাত্মক ও অমারাত্মক অস্ত্রের বিষয় নিয়ে প্রবল বিতর্ক আছে। এসব কম মারাত্মক (less-lethal) ও অমারাত্মক (non-lethal) অস্ত্র তৈরি করা হয় এর মানুষ হত্যা করার ক্ষমতাকে অক্ষম করে রেখে। যেমন বিতর্কিত টেসার গান (Taser gun)। এগুলোর সাহায্যে তারের মাধ্যমে একটি ইলেকট্রিক শক সৃষ্টি করে। পুলিশ ও সামরিক বাহিনীর লোকেরা ব্যাপকভাবে এই টেসার গান ব্যবহার করছে। এর নতুন ওয়্যারলেস ভার্সনও তৈরি করা হচ্ছে। এই ওয়্যারলেস টেসার গান জনতার ওপর ব্যাপক ইলেকট্রিক শক ছড়িয়ে দিতে পারে। একই কাজটি করে ইলেকট্রোশক প্রজেক্টাইল ও এমনি আরো কিছু অস্ত্র।
মার্কিন সেনাবাহিনী উদ্ভাবন করেছে একটি ‘অ্যাক্টিভ ডিনায়েল সিস্টেম’। এর অপর নাম people zapper। এই পিপল জেপার বা জনতার ওপর হামলাকারী অস্ত্র মানুষের ওপর এক ধরনের মাইক্রোওয়েভ বিম বা ক্ষুদ্র তরঙ্গের রশ্মি ফেলে শরীরের কোনো ক্ষতিসাধন না করে ব্যথার সৃষ্টি করে। তবে আশঙ্কা আছে এ ধরনের অস্ত্রের অপব্যবহার হতে পারে।
লেজারকেও ব্যবহার করা হচ্ছে dazzle weapon বা আলোকধাঁধা সৃষ্টিকারক অস্ত্র হিসেবে। অর্থাৎ লেজার রশ্মি ফেলে মানুষের চোখ ধাঁধিয়ে দেয়ার কাজটিই এখানে করা হয়। এমনি অস্ত্র হচ্ছে Veiling glare laser, বহনযোগ্য PHASR ও হেলিকপ্টার মাউন্টেড ACCM। তবে এসব অস্ত্রের প্রয়োগের ফলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকেই গেছে। Pulsed এনার্জি প্রজেক্টাইল নামের একটি নন-লেথাল লেজার অস্ত্র আছে, যা মানুষের শরীরে যন্ত্রণা সৃষ্টি করতে সক্ষম।
এক্ষেত্রে আছে নন-লেথাল বা অমারাত্মক কিংবা অপ্রাণনাশক রাসায়নিক অস্ত্রও। এগুলোর মধ্যে আছে বিভিন্ন কালমেটিভ বা সেডেটিভ রাসায়নিক অস্ত্র। এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করে উত্তেজিত জনতাকে শান্ত করা হয়। এমনি একটি অস্ত্র হচ্ছে অ্যানেসথেটিক ডেরাইভেটিভ। মস্কো থিয়েটার হামলার সময় জনতার ওপর এ অস্ত্র ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। মার্কিন রাসায়নিক গবেষণায় এ ধারণা গ্রহণ করা হয়েছে, এ ধরনের রাসায়নিক অস্ত্র শত্রুপক্ষের সৈন্যদের ওপর প্রয়োগ করা হয় তাদেরকে সাময়িকভাবে সমকামী করে তোলার জন্য। রাসায়নিক অস্ত্র চুক্তিতে এ ধরনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অবশ্য কিছু কিছু অপ্রাণনাশক অস্ত্র সেনাবাহিনীর বাইরেও ছড়িয়ে পড়েছে। যেমন সেনাবাহিনীর বাইরে ব্যবহার হচ্ছে acoustic LRAD। এটি কাজে লাগানো হচ্ছে জলদস্যু তাড়ানোয়। এর মাধ্যমে শব্দ সৃষ্টি করে এ কাজটি করা হয়। এ অস্ত্র নিয়ে কিছু উদ্বেগের কথাও শোনা যায়। তবে এর প্রভাব সম্পর্কে এখনো খুব একটা জানা যায়নি।
যুদ্ধপরবর্তী সমস্যা
প্রযুক্তিসমৃদ্ধ আধুনিক অস্ত্র শত্রুপক্ষের ওপর যথার্থ ও সফল হামলা চালানো ও দ্রুত যুদ্ধজয়ের সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু যুদ্ধশেষে তা মানুষের জন্য রেখে যায় এন্তার সমস্যা। সৃষ্টি করছে কৃষি ও পরিবেশ সমস্যা। এমনকি তা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইতিহাস সংরক্ষণেও। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক অনুমিত হিসেব দেখিয়ে বলেছে, শুধু ২০০২ সালে যুদ্ধের ফলে বিশ্বে ৭,৩১,০০০ মানুষ মারা যায়। ল্যান্ডমাইন এক বড় উদ্বেগের কারণ। নিরাপদ, দ্রুত ও সস্তা কোনো পদ্ধতি নেই, যা যুদ্ধের সময়ে পুঁতে রাখা ল্যান্ডমাইন থেকে মানবজাতিকে রক্ষা করতে পারে। মাইন অপসারণে প্রযুক্তি কিছু সমাধান হাজির করেছে। এর মধ্যে আছে বিশেষ ধরনের অ্যারো প্রজেক্টাইল, লেজার এবং এনএমআর স্কেনার। অটোয়া কনভেনশনে প্রয়াস চলে ল্যান্ডমাইন নিষিদ্ধ করে এর বদলে অপ্রাণনাশক কোনো বিকল্প অস্ত্র ব্যবহার চালুর। অবিস্ফোরিত অস্ত্রও উদ্বেগ-আশঙ্কা বাড়িয়ে চলেছে। আজকের দিনে আমরা ব্যবহার হতে দেখছি ক্লাশ্চার বম্ব বা গুচ্ছবোমা। কিন্তু যুক্তরাজ্যের টেমস নদী মোহনায় ডুবে থাকা কার্গো জাহাজের অবিস্ফোরিত বোমা তো অবিশ্বাস্য ধরনের উদ্বেগের কারণ। যুদ্ধের আরেক ভয়াবহ পরিণামের নাম হচ্ছে তেজস্ক্রিয় ডিপ্লিটেড ইউরেনিয়াম। ট্যাঙ্ক-বিধ্বংসী অস্ত্রে এর ব্যবহার হচ্ছে। যুদ্ধের পরও যুদ্ধক্ষেত্রে তা থেকে যায় বছরের পর বছর। এর ঝুঁকিটা কী, তা এখনো ব্যাপকভাবে জানা হয়ে ওঠেনি। অবশ্য ডিপ্লিটেড ইউরেনিয়াম সরিয়ে ফেলায় টাংস্টেন ব্যবহারের চেষ্টা চলছে। যুদ্ধপরবর্তী সময়ে মানসিক ক্ষেত্রে বিরূপ প্রভাব সুখকর নয়। সৈন্যদের মধ্যে পোস্ট ট্রাউমেটিক স্ট্রেস ডিজঅর্ডার প্রবলভাবে লক্ষ করা যাচ্ছে। গবেষকরা লক্ষ করেছেন, সৈন্যদের মধ্যে ঘুমের ব্যাঘাত ঘটার মতো সমস্যা দেখা যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


