ব্যাপক ধ্বংসযজ্ঞ
সম্ভবত যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পরিণাম নেমে আসে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ফলে। আণবিক বোমা প্রথম ব্যবহার হয় জাপানের হিরোশিমায়, ১৯৪৫ সালে। এখনো সেখানে এর তেজস্ক্রিয় বিকিরণ সক্রিয়। স্নায়ুযুদ্ধের সময়ে ব্যাপকভাবে তৈরি হয় পারমাণবিক অস্ত্র। মূল পারমাণবিক শক্তিধর পাঁচ দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীন চেষ্টা চালিয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার নিরোধের। কিন্তু এরা নিজেদের পারমাণবিক অস্ত্র বাড়িয়ে তুলেছে অভাবনীয়ভাবে। প্রবল বিতর্কের মুখে যুক্তরাষ্ট্র তার বাঙ্কার বাস্টিং পারমাণবিক অস্ত্র শেষ পর্যন্ত বাতিল করে। এই পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছিল অপারমাণবিক দেশের বিরুদ্ধে ফার্স্ট-স্ট্রাইক অস্ত্র হিসেবে প্রয়োগের জন্য। এখন বিশ্বে নয়টি পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে। উদ্বেগ আছে গোপন পারমাণবিক বোমার অধিকারী আরো কোনো দেশ রয়েছে কি না। এর বাইরে আছে রাসায়নিক ও জৈব অস্ত্র, যা ব্যাপক বিধ্বংসী ক্ষমতার অধিকারী। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ মনে করে ১৯৯১ সালের যুদ্ধের ফলে সৃষ্টি হয় ‘গালফ ওয়ার সিনড্রোম’। স্বল্পমাত্রার রাসায়নিক প্রভাবে এ জটিলতার সৃষ্টি। পয়ঃজন গ্যাসের ফলে মারা গেছে ৩০ হাজার ব্রিটিশ সার্ভিসম্যান। ১৯৮৯ সালের আগে এদের ওপর পরীক্ষা চালানো হয়েছিল। ‘কেমিক্যাল ওয়েপনস কনভেনশন ট্রিটি’র মাধ্যমে এগুলো এখন নিষিদ্ধ।
জীবাণু অস্ত্রের হুমকিটা এখনো বিদ্যমান। যদিও সাদ্দাম হোসেন কখনোই জীবাণু অস্ত্রের অধিকারী ছিলেন না। যুক্তরাষ্ট্র একটি কর্মসূচী নিয়েছিল জীবাণু অস্ত্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য অ্যানথ্রাক্স উৎপাদনের।
ইতিহাস বলে
মানুষের ইতিহাসে যুদ্ধ ও যুদ্ধাস্ত্র যেনো এক অবিচ্ছিন্ন অনুষঙ্গ। যুদ্ধ অনেক সভ্যতার উত্থান-পতন ঘটিয়েছে। গান পাউডার আবিষ্কারের মধ্য দিয়ে যুদ্ধাস্ত্রে রসায়নের সংশ্লিষ্টতার সূচনা হয়। রাসায়নিক প্রক্রিয়ায় রাসায়নিক পদার্থকে রূপান্তর করা হয়েছে বিস্ফোরকে। স্নায়ুযুদ্ধের সময়ে যেসব প্রযুক্তির গবেষণা চলেছে তার ৪০ শতাংশ ছিল অস্ত্র উদ্ভাবন বিষয় নিয়ে। ১৮৯৩ সালে উদ্ভাবিত বুলেট প্রুফ অন্তর্বাস আবিষ্কারে ছিল প্রাযুক্তিক ভাবনা। আজকের আকাশ-থেকে-আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, মাইক্রোওয়েভ যুদ্ধাস্ত্র ও ইলেকট্রোমেগনেটিক আর্মার ইত্যাদি সবক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার রয়েছে। এখন যে অদম্য সুপার-ওয়েপন তৈরির ভাবনা চলছে, সেখানেও মূল উপাদান প্রযুক্তি। প্রযুক্তির পথ বেয়েই আজ আমাদের হাতে সেন্ট্রিফিউগাল গান, যা থেকে বেরিয়ে আসে জ্বলন্ত বুলেট।
উন্নততর ক্যামোফ্লেজ এবং এমনকি ইনভিজিবিলিটি বা অদৃশ্য হয়ে যাওয়ার কৌশল নিয়ে গবেষণা জনপ্রিয় হয়ে উঠেছে। চিন্তাভাবনা চলছে রাডার ইনভিজিবিলিটি নিয়ে। ১৮৫০ সালের পর থেকে অস্ত্রপ্রযুক্তির ক্ষেত্রে আমরা যেসব অভাবনীয় সব ধারণা পেয়েছি তার পেছনে রয়েছে DARPA তথা যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট অ্যাজেন্সি’ থেকে। সম্প্রতি ‘দর্প’ নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ যুদ্ধাস্ত্র ‘রিমুট-কনট্রোলড শার্ক’ এবং ‘র্যা ট’। সেই সাথে এনেছে রোবট জগতের ‘wacky races’। উল্লেখ্য, এই দর্প-ই রচনা করে ইন্টারনেটের ভিত। এই ইন্টারনেটের মাধ্যমে আজ সবাই দেখতে পারছে ‘গোপন অস্ত্রে’র হালনাগাদ পরিকল্পনাগুলোও। আজকের দিনে ওয়েপন টেকনোলজি যেসব ফলাফল আমাদের সামনে হাজির করছে, বিশেষজ্ঞরাও তা দেখে হতবাক। প্রথম আণবিক বোমার ট্রিনিটি টেস্টের সময় মার্কিন অ্যাডমিরাল উইলিয়াম লেয়াহি ঘোষণা করেছিলেন : ‘একজন বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে আমি বলছি, বোমা কখনোই বন্ধ হবে না।’ সামরিক প্রযুক্তির পরবর্তী বড় ধরনের সাফল্য অর্জনটা হবে কোথায়? তা ঘটতে পারে সুপার-এক্সপ্লোসিভ, মাইক্রো-পাওয়ার জেনারেটর, ন্যানোটেকনোলজি কিংবা কোয়ান্টাম কমপিউটিংয়ের ক্ষেত্রে। তবে আগামী দিনের সামরিকপ্রযুক্তি বা অস্ত্রপ্রযুক্তিতে যা ঘটবে, তা হবে অভাবনীয় ধরনের কিছু।
লেজার ও সাবমেরিন
পানি সাবমেরিনকে লুকিয়ে রাখে শত্রুর দৃষ্টি থেকে, কিন্তু এই সাবমেরিন পানির ওপর ভেসে ওঠে না এলে নিজেদের অন্য সাবমেরিন, বিমান ও ঘাঁটির সাথে যোগাযোগ গড়ে তুলতে পারে না। অর্ধেক ডুবে থাকা সাবমেরিনের যোগাযোগ গড়ে তুলতে চাইলে প্রয়োজন বড় ধরনের ট্রান্সমিটার। এ ট্রান্সমিটার খুব কম ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ পাঠায়। এর ফলে সম্প্রচারের গতি সীমিত হয়ে পড়ে। এখন ‘দর্প’ নিয়ে আসছে নতুন ‘ব্লু লেজার’, যার মাধ্যমে সাবমেরিনের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলা যাবে। দীর্ঘদিন ধরে আমরা জেনে আসছি ব্লু লাইট পানির কূপের ভেতরে পর্যন্ত ঢুকে যেতে পারে। ১৯৮০ সাল থেকে ‘দর্প’ চেষ্টা করে আসছে সাবমেরিনের সাথে ব্লু লেজারের একটা সংযোগ গড়ে তুলতে। কিন্তু এ প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ, এ ব্লু লেজার ততটা কার্যকর-শক্তিধর ছিল না। দর্প-এর নতুন উদ্যোগে ব্যবহার করে নতুন কমপ্যাক্ট লেজার, যা থেকে বিকিরণ ঘটে ব্লু লাইটের এবং তা ফিল্টার দিয়ে গ্রহণ করা হয়। এই ফিল্টার সম্প্রচার করে এই তরঙ্গদৈর্ঘ্য এবং ব্যাকগ্রাউন্ডের যেকোনো আলো বন্ধ করে দেয়। এগুলো বিমানে ও জাহাজে স্থাপন করে হাই-ব্যান্ডউইডথসমৃদ্ধ যোগাযোগ গড়ে তোলা যাবে নিজেদের সাবমেরিনের সাথে।
রোবট শিখবে যুদ্ধের আইনকানুন
এ পর্যন্ত আমরা দেখেছি সৈন্যরাই সিদ্ধান্ত নিয়ে থাকে কার ওপর কিংবা কোন লক্ষ্যবস্ত্তর ওপর অস্ত্র প্রয়োগ করা হবে। কিন্তু রোবট প্রকৌশলী রন আরকিন এক ধরনের রোবট যুদ্ধের কথা ভাবছেন, যেখানে রোবট সিদ্ধান্ত নেবে কোন লক্ষ্যবস্ত্তর ওপর অস্ত্রপ্রয়োগ করা হবে। এই প্রকৌশলী এখন কাজ করছেন আটলান্টার ‘জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’তে। তিনি বিশেষত আগ্রহী মেশিনকে কিভাবে প্রোগ্রামের আওতায় আনা যায়, যাতে মেশিন কাজ করবে নৈতিক বিষয়াবলী ভাবনাচিন্তায় রেখে। যদি তা সম্ভব হয়, তবে মেশিন বা রোবটও যুদ্ধক্ষেত্রে মেনে চলবে যুদ্ধের যাবতীয় নিয়মকানুন। রোবটকে সেভাবে শিক্ষিত করে তোলা যাবে। সামরিক রোবটকে যুদ্ধের আইনকানুন শেখানোর পরিকল্পনাই এখন তার মাথায়।
রন আরকিন উদ্ভাবন করেছেন একটি ‘ইথিক্যাল গভর্নর’। এটি নিশ্চিত করবে হামলাকারী রোবট বিমানের যুদ্ধক্ষেত্রে নৈতিকতাবোধ নিয়ে কাজ করার বিষয়টি। মধ্যপ্রাচ্যের বাস্তব মানচিত্রে সিমুলেশনভিত্তিক মার্কিন সাম্প্রতিক হামলা পরিস্থিতিতে তা প্রদর্শন করছে। এ যেনো এক ভার্চু্যয়াল ব্যাটলফিল্ড। একটি চিত্রের মডেল তৈরি করা হয়েছে ২০০৬ সালে মার্কিন বাহিনীর আফগানিস্তানে একটি এনকাউন্টারের ওপর ভিত্তি করে। এতে মৌমাছিসদৃশ একটি রোবট একদল তালিবান সৈন্য চিহ্নিত করে একটি সুনির্দিষ্ট কিলিং জোনে। কিন্তু এই মৌমাছি রোবট কোনো গুলি করেনি। এর মানচিত্র নির্দেশ করছে যে, এই গ্রুপটির অবস্থান একটি কবরস্থানে। অতএব সেখানে গুলি করা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্য একটি চিত্রে মৌমাছি রোবট শত্রুপক্ষের গাড়িবহর চিহ্নিত করে একটি হাসপাতালের পাশে। এক্ষেত্রে এই রোবট সতর্কতার সাথে গুলি চালিয়ে শুধু ওই গাড়িবহরটিই ধ্বংস করেছে, হাসপাতালের কোনো ক্ষতি না করে।
আরকিন একটি guilt সিস্টেমও উদ্ভাবন করেছেন। যদি কোনো মারাত্মক ভুল সেনাবাহিনী করতে যায়, তখন রোবট গুরুত্বের সাথে আচরণ করতে শুরু করে। সফটওয়্যারটি ডেভেলপ করতে আরকিন পড়াশোনা করেছেন মিলিটারি ইথিকস নিয়ে। সেই সাথে কথা বলছেন সামরিক ব্যক্তিদের সাথেও। তিনি বলেছেন, তিনি কমাতে চান বেসামরিক লোকক্ষয়ের মাত্রা। একজন ভিয়েতনামী তাকে জানিয়েছেন, সেখানে যা কিছু একটু নড়াচড়া করতো, তার ওপর মার্কিন বাহিনী গুলি চালাতো। তিনি বলেন, আজকে আমি সেই রোবট সহজেই তৈরি করতে পারি, যেটি এক্ষেত্রে নৈতিকভাবে কাজ করবে যুদ্ধক্ষেত্রে। আরকিনের এসব গবেষণা চলছে মার্কিন সেনাবাহিনীর অর্থ-সহায়তায়।
রেডিও কনট্রোলড বুলেট
একটি রাইফেল গুলি করবে। এ থেকে বের হবে যে বুলেট তার নাম ‘ফায়ারিং এক্সপ্লোসিভ বুলেট’। এই বুলেট ডিটোনেট করা হবে টার্গেটের এক মিটার দূরে থাকতেই। এর সাহায্যে গুলি চালানো যাবে ট্রেঞ্চের ভেতরে, দেয়ালের আড়ালে কিংবা কোনো ভবনের ভেতরে থাকা ব্যক্তির ওপর। মোট কথা হামলার শিকার ব্যক্তির লুকোবার কোনো জায়গা থাকবে না। মার্কিন সেনাবাহিনী উদ্ভাবন করেছে এক্সএম২৫ নামের রাইফেল। মার্কিন সৈন্যরা এটি ব্যবহার করবে আর্টিলারি ফায়ারের বিকল্প হিসেবে। যখন শত্রুবাহিনী কভার নেবে এবং সরাসরি তাদের ওপর গুলি চালানো সম্ভব হবে না, তখন ব্যবহার হবে এই রেডিও কনট্রোলড বুলেট রাইফেল। এই রাইফেল মার্কিন বাহিনীর জন্য এক বাড়তি সুবিধা এনে দিল, যা অন্য কোনো দেশের সেনাবাহিনীর কাছে নেই।
এই রাইফেলের গানসাইটে ব্যবহার করা হয় লেজার রেঞ্জফাইন্ডার। এর মাধ্যমে টার্গেট ঠিক কতটুকু দূরে আছে তা সঠিকভাবে নির্ণয় করা যায়। সৈন্যটি তখন ৩ মিটার কমবেশি করে সে দূরত্বে বুলেট ফায়ার করে, যাতে তা লক্ষ্যবস্ত্তর কাছাকাছি বিস্ফোরিত হতে পারে। যখন ২৫ মিলিমিটার ব্যাসের এই বুলেট ছোড়া হয়, গানসাইট তখন বুলেটের ভেতরের চিপে একটি রেডিও সিগনাল পাঠায়। এর মাধ্যমে বুলেটকে টার্গেটের দূরত্ব জানিয়ে দেয়া হয়। এই রাইফেলের নলের ভেতরটা পেঁচানো। তাই বুলেট নল থেকে বেরিয়ে ঘুরে ঘুরে চলে। এর মধ্যে থাকে একটি রেডিও ট্রান্সডিউচার। তাই বুলেটের ঘূর্ণন ও পৃথিবীর চৌম্বকক্ষেত্র মিলে তৈরি করে চলবিদ্যুৎ।
ঘরে তৈরি পারমাণবিক অস্ত্র
কিছুদিন আগে বারাক ওবামা মস্কো সফর করেন। উদ্দেশ্য রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাথে পারমাণবিক অস্ত্র সঙ্কোচন বিষয়ে আলোচনা করা। বারাক ওবামার এ নিয়ে উদ্বেগের কারণ হচ্ছে, এখন সব দেশের জন্যই পারমাণবিক অস্ত্র এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একদল চিকিৎসক তাদের একটি মূল্যায়ন প্রকাশ করেছেন। তারা বলেছেন, আমেরিকান নগরীগুলো এখন মারাত্মক হুমকির মুখে এর ঘরে তৈরি পারমাণবিক অস্ত্র থেকে। যেকোনো সময় যেকোনো মার্কিন নগরীতে হোম-মেড পারমাণবিক বোমা বিস্ফোরিত হতে পারে। এ ধরনের একটি বোমাযন্ত্রকে ওবামা বিবেচনা করছেন ‘বিশ্ব নিরাপত্তার চরম হুমকি’ তথা ‘এক্সট্রিম থ্রেট টু গ্লোবাল সিকিউরিটি’ হিসেবে। কারণ, এই হোম-মেড পারমাণবিক বোমা একটি নগরীর হাজার হাজার মানুষকে হত্যা করতে পারে। তবে এ বোমা গোটা নগরীকে ধ্বংসসত্মূপে পরিণত করতে পারবে না। তবে সময়মতো প্রতিকার বিধান করতে পারলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানো যেতে পারে। এক্ষেত্রে কী করা যেতে পারে? একটি চিকিৎসক প্যানেল মনে করে, এ ধরনের বোমা ১০ হাজার টন ট্রিনটি সক্ষমতাসম্পন্ন হতে পারে। এই ব্লাস্ট ওয়েভ ধ্বংস করতে পারে ভবনসমূহ ও বিস্ফোরণস্থলের ১ কিলোমিটার ভেতরের সব মানুষকে মেরে ফেলতে পারে। সেজন্য এই প্যানেল নজর দিয়েছে বিস্ফোরণস্থলের বাইরে বেঁচে থাকা লোকদের কী করে তেজস্ক্রিয়তার হাত থেকে বাঁচানো যায়। বিস্ফোরণে যে তেজস্ক্রিয় ধুলোবালি আকাশে উড়ে, তা বৃষ্টির সাথে আশপাশের এলাকায় নেমে আসতে পারে। এগুলো থেকে নির্গত হতে পারে গামা রশ্মি। বিস্ফোরণের মাত্র কয়েক মিনিটের মধ্যে বায়ু তেজস্ক্রিয় ধুলোবালি আশপাশের বিসত্মীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এ সময় নিরাপদ হবে ভূগর্ভস্থ কোনো ভবনে অপেক্ষা করা। মানুষকে এ ধরনের পারমাণবিক অস্ত্রের ক্ষতিকর প্রভাব থেকে কিভাবে রক্ষা করা যায়, সে বিষয়েও শিক্ষিত করে তোলা দরকার।
আগের পোস্টটি দেখতে চাইলে
আজকের অস্ত্রপ্রযুক্তি - ১
কমপিউটার জগৎ এর পোর্টাল
কমপিউটার জগৎ এর ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


