নির্ভয়ে লাশ-
পড়ে থাকে রাজপথে
মায়াবতী হেঁটে চলে...
কাকেদের শোরগোলে
নিরুদ্বেগ উড়ে যায়-
উড়ে আসে প্রজাপতি...
অমোঘ সকাল
মগ্ন দুপুর
বিকল বিকেল
অশেষ রাত্রি
এইভাবে প্রহরের দল বয়ে যায়-
চলে যায়- সাঁতরিয়ে পার হয়
সময়ের আদিগন্ত প্রসারিত নদী-
সজনে ডাঁটার রঙ পাঙশুটে হয়ে যায়
রাজপথে, ডোবায়- লাশ তবু নির্ভয়
পড়ে থাকে।
হেঁটে চলে মায়াবতী... প্রজাপতি...
সাহারার দিন দিন দীর্ঘ হওয়া
পদ্মা নদীর তীরে নন্দিত ভাঙনের খেলা
অরণ্যের উজাড় হৃদয়;
পোড় খাওয়া বালিকার চোখের জলের সাথে
বাজি ধরে ফুঁসে ওঠা সাগরের জল...
অশেষ রাত্রি শেষে তবু আজও অমোঘ সকাল
আমাদের অবান্তর করে রাখে- ইদানীং যথারীতি-
মগ্ন দুপুর শেষে বিকল বিকেল-
তারপর অশেষ রাত্রি- সুশীল শিকল;
এইসব আলো আর অন্ধকার
তারাদের ক্ষয় দেখে- ক্ষয়ে যাওয়া দেখে
নিঃশেষ ভীষণ কালো এক, অসংখ্য-
গহ্বর হওয়া দেখে দেখে
তবু কত অক্ষয়-নির্ভয়-অব্যয়
এইসব কাকেদের শোরগোলে
পড়ে থাকা নিরুদ্বেগ লাশ-
দুইগালে টোল খাওয়া-
রঙচঙা প্রজাপতি- মায়াবতী-
আমাদের অবান্তর দিনকাল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



