ভাবনাগুলো অসম্পূর্ণ থেকে যায়...
আবার নতুন কোন ভাবনা
চলে আসে মাথার ভিতরে-
বখতিয়ার খিলজীর চেয়ে দ্রুতগতিতে
ওরা আক্রমণ করে আমার রাজধানী
আমি লক্ষণ সেন হয়ে উঠি...
অনু,
তাই বুঝি তোমাকে লেখা আমার চিঠিগুলো
মিসিসিপি নদীর মত দীর্ঘায়িত হয়ে ওঠে না...
বুকের গহীনে আমার জেগে থাকে
প্রতিশোধ স্পৃহা
রাজ্য হারিয়েছি বলে নিজেকে তিরস্কার করি...
‘মৃত্যু’ নাকি নিজে ‘এক সুনিপুণ কলা’
তাই আমাকে প্রতিক্ষণ মরতে হয়
অসংখ্যবার
হতভাগী বিপ্লবী সিলভিয়ার মত...
প্রিয় ওফেলিয়া-
তোমার ঐ অনন্তে চলে যাওয়া
তোমার ঐ মিশে যাওয়া অন্য অনন্তে
হ্যামলেটকে প্রভাবিত করেছিল
চক্রান্তের মূল উৎপাটনে
একমাত্র মৃত্যু যার দুঃখের
সঠিক মূল্যায়ন করেছিল
তাই বুঝি বাকী সব ‘নীরবতা’...
অনু,
প্রিয়তমা আমার-
অনেক সময় গল্পের মানুষগুলো
জেগে ওঠ নিজের ভেতর
এলোমেলো আচরণ শুরু করে
মস্তিষ্কের সিন্যাপস-নিউরন
একমাত্র থেকে যাওয়া অন্ধকারে
গোঙানী গুমরে ওঠে
গোপনে মূর্চ্ছিত হই...
অনেক কিছু বলতে গিয়েও হয়না বলা
দু:খ থেকে যায়;-
তুমি আমাকে কোনদিনও
সম্পূর্ণ জানতে পারবে না
বড্ড দুঃখ হয় তোমার জন্য
আমাকে সম্পূর্ণ জানা-
তোমার এ জন্মে হবেনাতো আর...
অনু,
আমার একমাত্র প্রিয়তম পাঠক
এখন প্রচন্ড প্রচন্ড দুঃখ হয়
তোমার জন্য-
গোপনে-
বুকের ভেতর...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



