আজ সেপ্টেম্বরের ৯ তারিখ। আর দশটা সাধারণ দিনের মতো মনে হলেও, কাগজে আজকের তারিখটি লিখতে গেলেই ধরা পড়বে, দিনটি একটু অন্য রকম। আজকের তারিখ ৯-৯-৯। তারিখের ৩টি অংশ অর্থাৎ দিন, মাস ও বছরের সবগুলোই ৯। গণিতের বৃহত্তম অঙ্ক ৯ দিয়ে এভাবে তারিখ লেখার সুযোগ আবার আসবে ১ হাজার বছর পর, ৩০০৯ সালের ৯ই সেপ্টেম্বর। অর্থাৎ আবারো ওই দিনটির সাক্ষী হলে চাইলে, বাঁচতে হবে আরো ১ হাজার বছর।
আজ এ বছরের ২৫২তম দিন। ২৫২-র অঙ্কগুলো যোগ করলেও হয় ৯। আজ বুধবার। ইংরেজিতে WEDNESDAY লিখতেও দরকার ৯টি বর্ণ। এমনকি চলতি মাস সেপ্টেম্বর লিখতেও ৯টি বর্ণ প্রয়োজন। মায়ের গর্ভে একটি শিশু পূর্ণাঙ্গ হতে সময় নেয় ৯ মাস। ইংরেজিতে ৬ অর্থাৎ 6-কে উল্টালে হয় 9 বা ৯। অনেক সংস্কৃতিতে ৬ সংখ্যাটি মনে করা হয় অশুভ বা শয়তানের প্রতীক। অশুভর উল্টোটাই হচ্ছে শুভ, অর্থাৎ ওই ৯ সংখ্যাটিই!
এ রকম একটি শুভ দিনের বিষয়টি অনেকে হয়তো টেরও পাননি। কেউ কেউ তাই দিনটি পার করছেন সাদামাটা আটপৌরে ঢঙেই। কারো কারো জন্য দিনটি বিশেষ তাৎপর্যের, এ জন্য অপেক্ষা করে ছিলেন হয়তো বহু বছর ধরে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আজকের দিনটিই বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছেন অগণিত জুটি। তাদের বিশ্বাস : আজকের দিনে সাত পাকে বাঁধা পড়লে দাম্পত্য জীবন মহা সুখের হবে। প্রতিবেশী দেশ ভারতের অনেক দম্পতিই চাইছেন তাদের সন্তান জন্ম নিক এ পবিত্র দিনে। কেউ কেউ সিজারিয়ানেরও দ্বারস্থ হচ্ছেন।
চীন-জাপান-তাইওয়ান-ভুটান-সহ অনেক দেশের সংস্কৃতিতে ৯ সংখ্যাটিকে শুভ হিসেবে দেখা হয়। এ কারণেও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ বিশেষ প্রার্থনাতেও অংশ নিচ্ছেন এ দিনটিতে।
তবে শুধু বিয়ে বা জন্ম নয়। এ শুভ দিনটিকে বেছে নিয়েছেন ব্যবসায়ীরাও। মিউজিক বা ফিল্ম প্রযোজনা সংস্থাগুলোও আজকের দিনে ছবি বা নতুন অ্যালবাম বের করার দিন ঠিক করেছে। কেউ কেউ নতুন বিনিয়োগ বা চুক্তির জন্যও বেছে নিয়েছেন আজকের দিনটি। উদ্দেশ্য একটাই : এ বিশেষ দিন ব্যবহার করে শুভ ফল নিশ্চিত করা। হাজার হোক, আবার এ দিনটি উদযাপন করতে হাজার বছরই যে অপেক্ষা করতে হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



