★ আচ্ছা, আমি কি আমার ধর্মকে ভালোবাসি না?
- অবশ্যই বাসি । আমার ধর্মই তো আমার স্বাতন্ত্র্যবোধ, ভালো - মন্দের বিভেদ করার মাপকাঠি । একে অস্বীকার করার মানে তো নিজের বিবেককেই অস্বীকার করা ।
★ আমি কি চাইনা আমার এই ধর্মকে নিয়ে জঘন্য মিথ্যাচার আর ভ্রান্তি ছড়ানো মানুষ গুলোর বিচার হোক?
- অতি অবশ্যই চাই ।
স্বাভাবিক ভাবেই এর পরে যে প্রশ্নটা চলে আসে আমি , আমরা তবে শাহবাগে গিয়েছিলাম কেন? আমরা তো জানতাম ওখানে ঐ নাস্তিক শ্রেনীর মানুষ আছে । এর পাশাপাশি এটাও যাওয়ার আগেই জানতাম আন্দোলনের পরিচালন মঞ্চে কট্টর আওয়ামী লীগ আর ছাত্রলীগের মতো কীটরাও সদর্পে স্থান করে নিয়েছে যাদের আমরা সঙ্গত কারণেই মন থেকে অপছন্দ করি । তারপরও এদের সাথে কেন স্লোগানে গলা মিলিয়েছিলাম? নিজের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এমন কাজ করার কারণ কি?
কারণ আমরা জানতাম ওখানে সাধারন মানুষের সংখ্যাই বেশী । নাস্তিক প্রজাতির পরিমান কম । পুরো দেশ থেকে মানুষ পিলপিল করে শাহবাগ গেছে, যারা শাহবাগ যেতে পারেনি তারা নিজের জেলার গনজাগরন মঞ্চে যোগ দিয়েছে । কে আস্তিক আর কে নাস্তিক তা দেখার মতো সময় তখন ছিলো না । নাস্তিকতা, আস্তিকতার না দেখে মানুষ তখন খুজেঁছে সমমনাদের যারা ঐ রাস্তাতেই ছিলো । লাখ - লাখ মানুষের ভীড়ে যদি একই দাবি নিয়ে আসা কিছু ভন্ড নাস্তিক থেকেও থাকে, তাদের প্রতি মনে ঘৃণা রেখে ঐ একই দাবির প্রেক্ষাপটের জন্যেই দাড়ানো যায় । সাধারন মানুষের সবার দাবি ছিলো একটাই । সব রাজাকারের ফাঁসি । তাহলে হাতে গোনা কয়েকজন নাস্তিকের উপস্থিতির জন্য পুরো আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন টাইটেল দেয়া হলো কোন যুক্তিতে? টাইটেলদানকারীরা কি সাধারণ মানুষদের এতোটাই বোকা ভাবেন যে তারা যা বোঝাবেন মানুষ তাই বুঝবে?
কে আস্তিক আর কে নাস্তিক তা তার নিজস্ব ব্যাপার । নাস্তিকদের উপর কোনরূপ হামলা বা নির্যাতন চালানোর অধিকার আস্তিকদের নেই যদি না সহবস্থান শান্তিপূর্ণ হয় । সমস্যাটা এখানেই নেটের নাস্তিকরা অতি ভায়োলেন্ট নাস্তিকতা প্রচারকারী । এদের বিচার অবশ্যই হওয়া উচিত মানুষের অনুভূতিতে দেদারছে আঘাত করে যাওয়ায় । কিন্তু এটা তো নতুন কোন ইস্যু না । রাজাকার বিরোধী আন্দোলন চলার সময় এই বিষয়টা তোলা হলো মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিয়ে আন্দোলনকে দুর্বল করে দেয়া, মানুষের মধ্যে দ্বিধার দেয়াল তৈরি করে দেয়া । কিছু মিডিয়া, মানুষ সারা দেশের লাখো সাধারণ মানুষের উপর ফোকাস না করে করলো রাজিব, আসিফদের মতো গুটিকয় জঘন্য মানুষের উপর । অথচ আন্দোলনে এরা তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলো না । আমি আসিফ মহিউদ্দীনকে শুকনো মুখে ঘুরাঘুরি করতে দেখলেও রাজিবকে দেখিই নি । যারাই আন্দোলনের চেহারাটা পাল্টে দিয়ে ভিন্নরূপে , নেতিবাচকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছিল তারা সফল । পুরো দেশ আজ স্পষ্ট দুইভাগে বিভক্ত । আন্দোলনকারীরাও জামায়াত কে নিষিদ্ধ করার দাবি জানাতে গিয়ে গলা ফাটিয়ে মুখে তুলে দেওয়া বুলি ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার স্লোগান দিয়ে গেছে যেখানে জামাত কস্মিনকালেও ধর্ম ভিত্তিক রাজনীতি করে না এবং দেশে ভগ্নাংশেরও ভগ্নাংশ নাস্তিকরা ব্যাতিত বাকি সবার কাছে ধর্মই সবার আগে । প্রকৃত ধর্ম ভিত্তিক রাজনীতি না দেখেই আমাদের এই স্লোগান জামাতিদের শক্তি দিয়েছে মানুষকে বিভ্রান্ত করার ।
আরো খারাপ সময় আসছে । সামনে দেলওয়ার হোসেন সাঈদীর মামলার রায় যিনি সারাদেশে পরিচিত মুখ এবং সত্য করে বললে আমরা স্বীকার করি বা না করি তিনি যথেষ্ট জনপ্রিয় । তারপর গোলাম আযমের মামলার রায় । অ্যামেনেস্টি ইন্টার ন্যাশনাল সহ অনেক সংস্থা চলমান বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে । দেশের তালিকায় আমাদের অন্যতম প্রধান দাতা দেশ সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের সব দেশ এবং আশ্চর্যজনকভাবে হলেও বৃটেনের মতো আরো কিছু দেশ । তাদের বিরোধিতার কারণ পুরো বিচার করার ব্যাপারটার মধ্যেই রাজনৈতিক দলকে শায়েস্তা করার প্রচ্ছন্ন ইঙ্গিত যেখানে নব্বইয়ের দশকে রসুনের কোয়া দুটো একসাথেই ছিলো । এতো গেলো শুধু যুদ্ধপরাধীর বিচারের ব্যাপার । আসছে জামাতকে নিষিদ্ধ ও তত্ত্বাবধায়ক সরকার পূর্নবহালের মতো ভারী ইস্যু । এছাড়াও আরো হাজারটা ইস্যুতে সরকারের লেজে গোবরে অবস্থা । টেলিভিশনে টেনশনে তাদের চেহারার চিকমিক ভাব কমে গেছে । আগামী এক - দেড় বছর রাজপথ আর গাড়ি চলার জন্যে থাকছে বলে মনে হয় না । আমাদের সবার এখন উচিত কোন দলীয় নয়, সাধারন মানুষের ব্যানারে হাতে হাত ধরে এক থাকা ।
গতরাতে দেখা একটা স্বপ্নের কথা বলে শেষ করি । দেখলাম সারা দেশ থেকে মুক্তমনা মানুষদের ধরে খুন করা হচ্ছে । ঘুম ভেঙে গেলো । দেখি ফযরের আযান হচ্ছে । খুনি কি ছিলো ধর্মের নামে ভন্ডামি করে বেড়ানো জামাত, পরমুখাপেক্ষী মেরুদন্ডহীন বিএনপি নাকি ২০১৩ তেও বাকশালী মনোভাব নিয়ে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চাওয়া আওয়ামী লীগ তা ঠিক বুঝতে পারি নি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

