- চাচা মিয়া, আপনের দেশের বাড়ি কই?
- বরিশাল ।
- ঈদ তো আইয়া পরলো । বাইত গেলেন না?
- না ও বাজান । এইবার লঞ্চের টিকিটের দাম বহুত । ঈদের পরে বাইত যামু ।
- ও.... কি কি কিনলেন বাড়ির লাইগা?
( সামনে হঠাৎ আরেকটা রিকশা চলে আসায় প্রবীন রিকশা চালককে প্যাডেলের উপর ভর দিয়ে প্রায় দাড়িয়ে গিয়ে ব্রেক করতে হয় । তবুও পুরোপুরি থামানো যায় না । সামনেরটার পেছনের অংশের সাথে বেশ জোরে বাড়ি লেগে গেলো । তবে গালাগালি পর্বটা সামনের রিকশাটা বাঁ পাশের গলিতে হুশ করে ঢুকে যাওয়ায় আর মঞ্চস্থ হতে পারলো না ।)
- হালা বাইন** !
( শিক্ষিত, সুক্ষ্ণ রুচির মানুষ এই অশালীন ভাষার ব্যবহারে আহত হতে পারেন । রিকশায় সিটে বসে তারা হয়তো কপাল কুঁচকে কিছুই শোনেন নি এমন ভাব ধরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবেন । বাংলা ভাষার এই অংশটার উপরে তারা খুবই বিরক্ত । অথচ তারা নিজে ইংরেজীতে হরদম স্ল্যাং ইউজ করেন, যেসবের অর্থ ক্ষেত্রবিশেষে আরো ভয়াবহ । তবে আমাদের এখনকার রিকশাচালকের সাথে শুদ্ধতার মুখোশ ফেলে তার মতো করেই মেশা প্যাসেঞ্জার জানেন যাদের কে জীবনই জন্ম থেকে গালি দিয়ে চলেছে তাদের জন্যে আশেপাশের মানুষকে, বিশেষ করে সমগোত্রীয়দের গালি দেওয়াটা বিশেষ দৃষ্টিকটু না । তাই সে বিরক্ত হয় না । তবে একেবারে মেনেও নিলো না ।)
- আরে চাচামিয়া গাইল দিয়া কি কাম? গাইল দিয়েন না ....... কি কি মার্কেটিং করছেন?
- যেই দাম জামা - কাপড়ের! কেমনে কিনি? মাইয়াডার লেইগা একটা ডেরেস কিনলাম । বউয়ের লেইগাও একটা শাড়ি কিনমু চিন্তা করছি । এহনো টেকা জমে নাই ।
- নিজের লেইগা?
- আরে, বেডা মানুষের আবার ঈদ কিসের? ঈদ হইলো বউ - বেডি গো । হেগোর হইলেই হইলো ।
( পেছন থেকে রাস্তার পাশের লাইটপোস্টের আলোয় চোখে পড়ে সামনের মানুষটার পড়নের স্যান্ডো গেঞ্জিটা অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে । লুঙ্গিটাও বহু পুরোনো ।..... হঠাৎ কি হলো কে জানে ,মানিব্যাগটা বের করে প্যাসেঞ্জার একবার চোখ বুলায় । নাহ্, ইন্টারনেট কোম্পানির ইনকাম এ মাসে না হয় কিছু টাকা কমই হোক । পারফিউমটাও সামনের মাসে কেনা যাবে । ঈদটা আগেরটা দিয়েই চলুক ।)
- আপনের রিকশা কোনহানের?
- ঐ উত্তরপাড়ার সেলিম সাবের গ্যারেজের ......( এর মধ্যেই আমরা গন্তব্যে চলে এসেছি) কোন খানে রাখমু?
- ঐ বাম পাশের কারেন্টের খামের নিচে রাখেন ।
( রিকশা থামে । ভাড়া হাতে নিয়ে রিকশাচালক অবাক । প্যাসেঞ্জার তার অবাক হওয়াটা মুগ্ধ চোখে দেখে । ঈশ! এতো সহজেই মানুষকে অবাক করে দেওয়া যায়! কিছু মানুষের চাওয়া এতোই কম? সে নিজে তো বহুদিন কোনকিছুতে এতো অবাক হয় না । বিস্মিত হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে বোধহয় )
- এতো টেকা দেন ক্যা বাবা?!
- আপনি এই টাকা দিয়ে নতুন একটা জামা কিনবেন । উত্তরপাড়ার সেলিম মিয়ার গ্যারেজ আমি চিনি । ঈদের পর একদিন নতুন জামা পিন্দা লইয়েন.... আমিও আমার ঈদেরটা লাগামু নে আপনের রিকশায় চড়ার সময় ।
( এই বলে সে দ্রুত সামনের ভীড়ের মধ্যে হারিয়ে যায় । পেছন থেকে মাঝবয়সী লোকটা নিখাঁদ বিস্ময়ে তাকিয়ে থাকে । নিজের ছেলের বয়সী অনেক প্যাসেঞ্জারও তাকে থাপ্পড় মেরেছে । সে কিছুই বলতে পারে নি । এই ছেলে কোথা থেকে আসলো? এই ছেলেটা কে?)
"
-----
আমি বলি সেই মানুষটা কে । পুরোপুরি নিশ্চিত ভাবে বলতে পারবো না, তবুও বলি । সেই মানুষটা হয়তো আপনি নিজেই । মন থেকে ভেবে দেখুন ঐ প্যাসেঞ্জারটার জায়গায় কিন্তু আপনাকেও চমৎকার মানিয়ে যায় । কিছু রুপকথা বাস্তব করতে কিন্তু আমাদের খুব বেশী কিছু করা লাগে না । চাইলে আপনি নিজেই করতে পারেন ।
....... আবারো বলি । আপনি চাইলেই পারেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

