
তোমার শিশির ছোঁয়া ঘাসে কাটানো, আমার সারাবেলা।
সেই উদ্দাম খোলা মাঠের, তোমারই পুরনো খেলা।
খেলার ভেতর খেলা; মেলার ভিতর মেলা;
রত্ন ভেবে তুলে নেয়া; মূল্যহীন মাটির ঢেলা।
উষাক্ষণের শুভমুহুর্তে , আমার চোখে পড়া;
সদ্য প্রস্ফুটিত আলোর ঝলকানি ।
কি সূচনাসঙ্গীত শোনালে তুমি; কি রাগ;-
আর কি রাগিণী, আমি কি তা জানি?
রংধনুর সাত রং তুমি, দিয়েছ উপহার-
সেই সাতে মিলে হোল শুভ্র রং তোমার।
তোমাতে এসেই শেষ হলো; যতো পাপ আর পুণ্য;
শূন্য থেকে হয়েছিল শুরু; আবার সকলি শূন্য;
,
ধারণ করো অন্ধকার প্রভু, যেমনি করো আলো।
শুধু ভালো নয়, সবার উপরই, করুনাধারা ঢালো,
ভালো-মন্দ তোমারই সৃষ্টি, তোমারই তৈরি জাল।
ছিন্ন করো এ বাঁধন, মুক্ত হোক মহাকাল।
মুক্ত পৃথিবীতে হাসি আনন্দে বাঁচব সারাক্ষণ-
সবাই থাকবে একই বৃত্তে, থাকবে একই বন্ধন;
পৃথিবী, স্বর্গ, নরক থাকবে না, হবে একই সমতল,
ঈশ্বর তুমি মহান হবে, আর শয়তান দুর্বল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




