আজ আর আমার কোন দ্বিধা নেই।
নির্ঘুম রজনী পার করার পর,
সকালের ক্ষীণতপ্ত রোদ শিখা পরিধান করে,
আজ কম্পহীন পায়ে হেঁটে যেতে পারি আমি।
দুটি টাকার জন্য;
আমার প্রয়োজনেই ঘর্মাক্ত যে রিকশাওয়ালা;
তার গায়ে আজ সহজেই হাত তুলতে পারি আমি।
কারন; আজ আর আমার কোন দ্বিধা নেই।
অন্ধকারের বুক ফুঁড়ে বেরিয়ে আসা
ম্লান আলোকে পেছনে রেখে,
আঁধারে ঢাকা কোন এক নারীর কাছে যেতে-
আজ আর আমার কোন দ্বিধা নেই।
প্লেটো-সক্রেটিস-কনফুসিয়াস দের অমর বাণী
আজ আমার রম্য পত্রিকার বিদ্রূপ মনে হয় ।
গোপাল ভাঁড় আর নাসিরুদ্দিন হোজ্জাকে
ইচ্ছে হয় কালজয়ী সাহিত্তের মর্যাদা দিতে।
বড় রাস্তার মোড়ের ডাস্টবিনের গন্ধ, আজ আমার
ভোরের শিউলি ফুলের গন্ধ মনে করিয়ে দেয়।
অনেক চেষ্টা করেছি আমি;
কোন পার্থক্য খুঁজে পাইনি।
হে নষ্ট সমাজ, আজ আমি আলিঙ্গন করবো
তোমার সকল পঙ্কিলতা।
ধারণ করবো তোমার সকল অভিশাপ।
কারন,আজ আর আমার কোন দ্বিধা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




