আমাকে আর পরিচয়-সংকটে ডুবিয়োনা তো
আমি নাহয় অপরিচিতই থাকি
আমি নাহয় সাধারণই হই অসাধারণদের ভীড়ে;
একটু অলসতা থাকুক আমার
খানিকটা অবসর
আমার একটা সকাল থাকুক
জানালা দিয়ে সকালের রোদ এসে
চুপি চুপি ভালোবাসুক আমাকে;
আমার একটা অলস দুপুর থাকুক
সূর্যের তীব্র আঘাতে শরীরে একটু ঘাম
আর তার লবনাক্ত স্বাদ;
যা আমি শুকিয়ে নেবো বিকেলের শ্রান্ত বাতাসে
আর গোধুলীতে আমার হাতে থাকবে তোমার হাত
চোখে থাকবে তোমার চোখ;
রাতের আকাশটা নক্ষত্রশোভিত হোক
নাকে এসে লাগুক তোমার চুলের মিষ্টি গন্ধ
নাহয় একটা ভাঙ্গা কুঁড়েঘরে থাকি আমরা
চালের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখা দিক চাঁদ;
আমাকে আর পরিচয়-সংকটে ভুগিয়োনা তো
আমার মনকে আর বিক্রি করোনা সভ্যতার বাজারে
এই যান্ত্রিকতায় আমাকে বিচার করো না অর্থমূল্যে;
যদি অসাধারণ কিছু খোঁজো
তবে ভালোবেসে আমাকে আবিষ্কার করো
নতুবা মুছে যাও স্মৃতি হয়ে;
(পরিচয়-সংকট,ডি মুন, ০৩/০৬/২০১৩, দুপুর১২;০৩ )
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



