নিহত মীর মনোয়ার হোসেন (৩৫) বিক্রমপুর সদরের উত্তর কাজী কসবার মীর বাড়ির মৃত মীর মোহাম্মদ হোসেনের ছেলে। কুইন্সের এল্মহার্স্টে বাস করতেন মনোয়ার। ১৯৯৬ সালে ডিভি লটারিতে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি।
স্থানীয় সময় রোববার ভোর রাতে নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ইস্ট ২৬ স্ট্রিটের থার্ড এভিনিউতে বাংলাদেশি একটি দোকানের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের ফাঁকে ভোর রাত ২টার দিকে বাংলাদেশি মালিকানার ওই দোকানের সামনে ট্যাক্সি থামান মনোয়ার। দোকানে ঢোকার আগে ট্যাক্সির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় একটি জিপ দ্রুত গতিতে এসে পিছন থেকে ওই ট্যাক্সিকে ধাক্কা দিলে ট্যাক্সি ভেঙে-চুরে উপরে উঠে যায় এবং মনোয়ার প্রচণ্ড আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরো দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত একটি কারের চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে নিউইয়র্ক প্রেস-বাইটেরিয়েন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাই মীর মোহাম্মদ মোকাররম হোসেন মামুন পূর্ব লন্ডনে থাকেন। বাংলাদেশ সময় সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ছোট ভাইয়ের লাশ নিতে তিনি নিউ ইয়র্কে আসছেন।
দেশের বাড়িতে পারিবারিক কবরস্থানে মনোয়ারকে দাফন করা হবে বলে জানান তিনি।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী জিপের চালককে আটক করেছে। গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের কাছে দাবি করেছেন চালক।
মীর হোসেনের মৃত্যুতে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের প্রধান নির্বাহী ভৈরবী দেশাই শোক প্রকাশ করেছেন।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ট্যাক্সি চালকরা নিউইয়র্ক সিটি সচল রাখলেও তাদের নিরাপত্তা ব্যাপারে কর্তৃপক্ষের তেমন আন্তরিকতা নেই। কয়েক মাস আগে এক নেশাগ্রস্তের হামলায় মীর হোসেনের রুমমেট ট্যাক্সিচালক সাজ্জাদ মতিনের একটি পা ভেঙে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



