কমল নামের আমার একটা বন্ধু ছিল
একই স্কুলে পড়তাম
কৃষ্ণকায় কমল খুব লাজুক স্বভাবের ছিল
কিছু বললে মৃদু হাসতো, নাহয় চুপিসারে কাঁদত
কমল কে ওর মা প্রতিদিন স্কুলে দিয়ে যেত
শাখা-সিদুঁরে কোন এক দেবীর মতোই লাগতো
কমল স্কুলের ব্যাগে রোজ জল ভরতি বোতল নিয়ে আসতো।
আমরা জলের বোতল হাতে নিয়ে ফুঁ দিয়ে বলতাম,
"সূরা পড়ে পানিতে ফুঁ দিয়ে দিয়েছি,
পানি খেলে মুসলমান হয়ে যাবি কমল"
কমল গাল ফুলিয়ে পানি ফেলে দিত,
স্যারকে নালিশ করার হুমকি দিত,
আমরা হো হো করে হাসতাম।
একদিন পানি খাওয়ার সময় কমলকে বললাম,
"তুই তো পড়া পানি খেয়ে ফেলেছিস।
তুই আজ থেকে মুসলমান।"
কমল সেদিন হতভম্বের মতো কেঁদেছিল।
তারপর একদিন কমল স্কুল ছেড়ে দিল।
দুর্গাপূজায় নাড়ুর লোভে কমলদের বাড়িতে যেতাম।
সেবার দুর্গাপূজায় যখন ওদের বাড়িতে গেলাম,
উঠোনের তুলশী গাছটা অযত্নে শুকিয়ে আছে,
কমলরা নাকি দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে।
সেদিন শুনলাম, কমল নাকি দেশে এসেছে
কলেজ মাঠটার পাশে দেখাও হয়ে গেল।
কমল দোকান থেকে এক বোতল পানি
কিনে এনে বলল, "অনেকদিন পড়া পানি খাই না,
একটু ফুঁ দিয়ে দিবি?"
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




