কক্সবাজার সৈকতে প্রায়ই পানিতে ডুবে প্রানহানির খবর পাওয়া যায়। কিছুটা সতর্কতা অবলম্বন করলে এই দূর্ঘটনা এড়িয়ে চলা সম্ভব। তাছাড়া বিপদে পড়লে কিভাবে বেরিয়ে আসতে হবে সেটা জানাও জরুরী। সম্প্রতি কক্সবাজারে গিয়ে কয়েকজন লাইফগার্ডের সাথে কথা বলে, এ বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করলাম।
১। সকাল আটটা থেকে সূর্যাস্ত অবধি সৈকতে লাইফগার্ডরা উপস্থিত থাকেন।
২। ভাটার সময় লাল পতাকা উড়ানো হয় ওয়াচটওয়ার গুলোর সামনে, এই সময়ে পানিতে সাতার কাটতে নামা উচিত নয়।
৩। দূর্ঘটনা জোয়ারের সময়ও ঘটতে পারে। তাই সতর্কতা সবসময়ই অবলম্বন করা দরকার।
৪। সৈকতে বেশিরভাগ দূর্ঘটনার জন্য দায়ী রিপ কারেন্ট। ছবিতে দেখুন।
বিচের কিছু স্পটে ভাটার টান খুব বেশি। সাগরের ঢেউ আছড়ে পড়ার পর ফিরে যাওয়ার সময় পানির নিচে ডুবন্ত বালিয়ারিতে বাধা পায়। একটু লক্ষ্য করলেই দেখবেন, সাগরে ঢেউ সৈকতে আছড়ে পড়ার আগেই একবার ঢেউ তৈরি করে, এই স্থানেই সেই বালিয়াড়ি অবস্থিত (ছবিতে লাল চিন্হিত স্থান) এবং এই দুই ঢেউয়ের মাঝের পানির গভীরতা স্বাভাবিকের চেয়ে বেশি, মানে এখানে একটা খালের মত তৈরী হয়।
কিছু স্পটে এই বালিয়াড়িতে ফাকা বা গ্যাপ থাকে, এবং পানি সেই পথে সাগরে ফিরে যায়। নিচের ছবিতে দেখুন:
যেহেতু অনেক বেশি পরিমান পানি এই ছোট গ্যাপের মধ্য দিয়ে যায়, ফলে এই স্থান বরাবর বিচ থেকে ভাটার স্রোত বা টান থাকে অনেক বেশি। একজন দক্ষ সাতারুর পক্ষেও এই স্রোতের বিপরীতে সাতরানো সম্ভব নয়। একেই বলে রিপ কারেন্ট। সমস্যা হল, এই রিপ কারেন্টের স্থানটি নির্দিষ্ট কোন স্থানে স্থির থাকে না, স্রোতের ঢেউের সাথেই অবিরত এর অবস্থান পরিবর্তিত হয়। তবে লাইফগার্ডরা বিচের স্রোতের ধরন দেখলেই বুঝতে পারে কোথায় রিপ কারেন্ট আছে।
৫। কোন কারনে আপনি রিপ কারেন্টে পড়লে কি করবেন?
ভয় পাবেন না। বরং সুস্থিরভাবে হাত উচিয়ে বিচের মানুষের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করুন। লাইফগার্ড ঠিকই আপনাকে দেখতে পাবে এবং উদ্ধার করতে এগিয়ে আসবে।
ভয় পেয়ে স্রোতের উল্টাদিকে মানে বিচের দিকে আসতে চেষ্টা করবেন না। এতে আপনার দম ফুরিয়ে যাবার সম্ভাবনাই বেশি। রিপ কারেন্টে আপনাকে নিচের দিকে টানবে না, সৈকত থেকে কিছুটা দূরে ঠেলে নিয়ে যাবে। তাছাড়া, একসময় ডুবন্ত বালিয়াড়ির গ্যাপ পেরিয়ে গেলে স্রোত কমে আসবে।
৬। দ্বিতীয় যে কাজটি করতে হবে তাহল, স্রোতের আড়াআড়ি সাতরাতে হবে রিপ কারেন্ট থেকে বেরোনোর জন্য। অর্থাৎ বিচের সমান্তরালে কিছুটা আড়াআড়ি ভাবে। একবার রিপ কারেন্টের বাইরে চলে এলে সহজেই সাতরে পাড়ে চলে আসতে পারবেন।
রিপ কারেন্ট যে সবসময় খারাপ তা কিন্তু নয়। অনেক সময় সার্ফার এবং লাইফগার্ডরা রিপ কারেন্ট ব্যবহার করে, দ্রুত বিচ থেকে গভীর পানিতে চলে যাওয়ার জন্যে।
সুতরাং ভয় পাবেন না। বুদ্ধি দিয়ে একে মোকাবেলা করুন।
ছবিগুলো এই ওয়েবসাইট থেকে নেয়া:
Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



