somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী ঝিঁকে মেরে বউকে শেখাচ্ছেন- সালাহউদ্দিন কাদের চৌধুরী

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতিবিদদের যদি জুমার নামাজের ইমাম সাহেবের খুতবার

মতো বিতর্কের ঊর্ধ্বে থাকতে হয় তবে তো ইমামতিই করতাম-সালাহউদ্দিন কাদের চৌধুরী

সাক্ষাৎকার: কাফি কামাল
(সৌজন্যে- সাপ্তাহিক জনতার চোখ)

বিএনপি চেয়ারপারসনের সংসদ বিষয়ক উপদেষ্টা ও আলোচিত-সমালোচিত নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। সম্প্রতি তার কয়েকটি বক্তব্য ও মন্তব্যে রাজনীতিতে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রতিপক্ষ দলের পাশাপাশি নিজ দলের নেতারাও তার বিরুদ্ধে বিক্ষোভ করে। তবে তার পক্ষেও দেশের বিভিন্ন জেলায় পাল্টা মিছিল-সমাবেশ হয়। জনতার চোখের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কর্মকাণ্ড, নয় মাসের মূল্যায়ন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, দেশের সমুদ্রসীমা নিয়ে জটিলতা, দলের পুনর্গঠন প্রক্রিয়া, দলীয় কর্মসূচি, সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন।

প্রশ্ন: সংসদে যাওয়া সম্পর্কে বিএনপি’র সিদ্ধান্ত কি? একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে আপনার কি মনে হয় বিএনপি’র সংসদমুখী হওয়া উচিত?

সাকাচৌ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জলিল সাহেবের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বলেছেন, ২৯শে ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হয়নি এ ধরনের সন্দেহ থেকে থাকলে বা কোন আঁতাতের নির্বাচন হয়েছে সেটা আবদুল জলিল মনে করলে তিনি পদত্যাগ করতে পারেন। আমি কিন্তু এ আহ্বানকে গুরুত্ব সহকারে দেখছি। আমি মনে করি, আমার দলের একেবারে শীর্ষ পর্যায়ে গুরুত্ব নিয়ে এ আহ্বানের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়া উচিত।

প্রশ্ন: মানে আপনারা কি পদত্যাগের দিকে এগুচ্ছেন?

সাকাচৌ: আমরা তো এগোচ্ছি না, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। আহ্বান জানাচ্ছে। ২৯শে ডিসেম্বরের নির্বাচন একটি আঁতাতের নির্বাচন, একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন সেটা তো আমরা কয়েকমাস ধরেই বলে আসছি। আর জলিল সাহেব তো সেদিন বলেছেন। এটা আসলে প্রধানমন্ত্রীর ‘ঝি’কে মেরে বউকে শেখানো’। তিনি দলীয় লোককে মাধ্যম করে আমাদেরই আহ্বান জানিয়েছেন। কারণ ওই নির্বাচন নিয়ে আমরাই তো সন্দেহ করেছি, অভিযোগ করেছি। তবে আমার দল বিএনপি এখনও এ আহ্বানের কোন কার্যকর উত্তর দেয়নি।

প্রশ্ন: অনেক ইস্যু ইতিমধ্যে আপনাদের ঝুলিতে জমা পড়েছে। তবে এখনও কোন কার্যকর আন্দোলন বা অন্য কোন কর্মসূচি নেননি। আপনারা এখন কি কর্মসূচি নিয়ে ভাবছেন?

সাকাচৌ: আমরা তো চেয়েছিলেম নতুন একটি জনগণের সরকার ক্ষমতায় আসুক। মিলিটারি শাসন থেকে মুক্তি পেতে ও জাতিকে মুক্তি দিতেই ২৯শে ডিসেম্বরের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। তবে ওই নির্বাচনে যে আমাদেরকে জিততে দেয়া হবে না সেটা আমাদের কারও বুঝতে বাকি ছিল না। তারপরও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। উদ্দেশ্যটা জরুরি অবস্থার অত্যাচার থেকে জাতিকে মুক্ত করা। তারপর নির্বাচনের মাধ্যমে যখন নতুন সরকার এসেছে তখন আমরা চেয়েছিলাম সরকারকে কিছু সময় দেয়া হোক। তারা কতটুকু করতে পারে দেশবাসী দেখুক। আর সে সময়টা আমরা চেয়েছিলাম দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে। কিন্তু আমার মনে হচ্ছে, আমাদের সাংগঠনিক কার্যক্রমের চেয়ে দলের ওপর জনগণের দাবিগুলোর চাপ বাড়ছে মাঠে নামার জন্য। এখন মাঠে নামার চাপটা বোধহয় শেষ পর্যন্ত সাংগঠনিক প্রক্রিয়ার চেয়ে অগ্রাধিকার পাবে।

প্রশ্ন: গণপ্রতিনিধিত্ব আইনে সরকার শাস্তিমূলক একটি বিধান যোগের বিল সংসদে উত্থাপন করেছে। আপনারা কি আইনের আশ্রয় নেবেন?

সাকাচৌ: আমরা যে শর্তাবলী নিয়ে নির্বাচনে গিয়েছিলাম, নির্বাচনোত্তর সে শর্তাবলী যদি পরিবর্তন করা হয় যেটাতে আমার দল সরাসরি ভিকটিমাইজ হবে তখন আইনের আশ্রয় তো আমরা অবশ্যই নেবো। আমি আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় একটি নোট অব ডিসেন্ট দিয়েছি। যদি জোর করে বিধান যোগ করার চেষ্টা করা হয় তবে আদালতে যাবো। আর আমার বিশ্বাস এ ধরনের আইন সুপ্রিম কোর্টে ঠিকবে না।

প্রশ্ন: দলের সিনিয়র নেতাদের গ্রুপিং-লবিংয়ের কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নেতাকর্মীরা অভিযোগ করছেন, আপনার বক্তব্য কি?

সাকাচৌ: রাজনীতিকদের মধ্যে প্রতিযোগিতা বা বিতর্ক স্বাভাবিক একটি রাজনৈতিক প্রক্রিয়া। প্রতিটি রাজনৈতিক দলে এটা থাকবে। এটা নতুন কিছু নয়। কেউ কারও আগে যেতে চায়, কেউ কারও পেছনে পড়ে যায়। এ প্রতিযোগিতা না থাকলে রাজনৈতিক দলতো আঞ্জুমানে মুফিদুল ইসলামে পরিণত হবে। তবে এটা হয়তো এখন বিশেষভাবে লক্ষণীয় এ জন্যই হয়েছে, ওয়ান-ইলেভেনের পর ও নির্বাচনের পরে, নির্বাচনের ফলাফলের পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের মধ্যে অনেকেই এক ধরনের ভাবমূর্তির সঙ্কটে পড়েছে। সেখানে বিভিন্ন কারণে অভিযোগে, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতাটি হয়তো কিছুটা তীব্র-তীক্ষè হয়ে উঠেছে। যেমন- খুব নিরীহ একটি মন্তব্যও সংবাদ মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে হাইলাইট করা হয়। তখন মনে হয়, বিএনপিতে কি যেন একটা তীব্র সঙ্কট চলছে। বর্তমানে এটা অস্বীকার করার উপায় নেই যে, আমরা একটি ট্রানজিকশন পিরিয়ডে চলছি। দল পুনর্গঠন প্রক্রিয়া চলছে, দলে নতুন নেতৃত্বের বিকাশ ঘটার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এ প্রতিযোগিতামূলক পরিবেশে নানা ধরনের কথা নানাভাবে নানা অংকে কর্মকাণ্ডে লক্ষণীয় হয়ে ওঠেছে। এটা রাজনৈতিক দলে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি করে।

প্রশ্ন: দলের পুনর্গঠন নিয়ে সারাদেশে যে কোন্দলের সৃষ্টি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করবে বিএনপি?

সাকাচৌ: আসলে দুটি ইস্যুকে কেন্দ্র করেই মূলত আমাদের বিবৃতি-পাল্টা বিবৃতি, ধাক্কাধাক্কি হচ্ছে। একটি হচ্ছে দলের মধ্যে দুর্বৃত্তায়ন অন্যটি সংস্কার প্রসঙ্গ। দলের মধ্যে যারা দুর্বৃত্তায়নের নায়ক বা সহযোগী আর ওয়ান ইলেভেনের পর প্রলোভনে পড়ে বা ভয়ে সংস্কারপন্থি হয়েছিলেন তারাই এখানে দুই গ্রুপ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, দল সংগঠিত করার আগেই দুর্বৃত্তায়ন থেকে দলকে মুক্ত করতে হবে। তবে প্রথমেই কিন্তু দুর্বৃত্তায়ন থেকে আমাদের মুক্তি পেতে হবে। একবার ভাবমূর্তি ফিরে পেলে তো দল চাঙ্গা হবেই। সংস্কার হবে দ্বিতীয় ইস্যু। সংস্কারে যারা সরাসরি চলে গেছে, তারা দলের সঙ্গে বেইমানি করেছে। এদের ব্যাপারেও আমাদের কিছু চিন্তা ভাবনা করা উচিত। তবে যারা প্রলোভনে পড়ে সংস্কারে চলে গিয়েছিল বা কেউ ভয়ে সহযোগিতা করতে গিয়েছিল তারা কিন্তু জাতীয়তাবাদী শক্তি। এদেরকে দূরে রাখার পক্ষপাতী আমি নই।

প্রশ্ন: পুনর্গঠন প্রক্রিয়া কি অস্বচ্ছতা ছিল বলে আপনার মনে হয়?

সাকাচৌ: এটা তো প্রকাশ্যেই বোঝা যাচ্ছে। পত্রপত্রিকার খবর, নয়াপল্টন পার্টি অফিস ও গুলশান চেয়ারপারসন অফিসের সামনে চেঁচামেচিতেই তা পরিষ্কার। তবে এখানে কিছু ভুল-ত্রুটি হয়নি সেটা তো বলা যাবে না। এখানে কারও পছন্দের কাউকে দেয়া হয়েছে, কেউ অতি লাভবান হয়েছেন, কেউ নিগৃত হয়েছেন। এ ধরনের ঘটনাতো সারাদেশেই ঘটেছে। এটা নিয়ে স্বাভাবিকভাবে একটা মনের জ্বালা তৃণমূলের মধ্যে সৃষ্টি হয়েছে।

প্রশ্ন: অনেকেই বলছেন, বিএনপি ভবিষ্যৎ রাজনীতি ঘুরপাক খাচ্ছে যুগ্ম মহাসচিব তারেক রহমানকে কেন্দ্র করে। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধীরে ধীরে ইনেকটিভ হয়ে পড়ছেন।

সাকাচৌ: আমি মনে করি না বেগম জিয়ার রাজনীতি শেষ হয়ে গেছে। ওনার বয়সও এমন বেশি হয়ে যায়নি, কর্মদক্ষতার শক্তিও তেমন কমে যায়নি। যে কারণে বেগম জিয়াকে এখন বাদ দিয়ে এক লাফে নতুন নেতৃত্বের চিন্তাভাবনা আমরা কেউ করছি না। হ্যাঁ, কেউ কেউ, কিছু কিছু অতি উৎসাহী অতি উচ্চাবিলাসী একটা মহল চেষ্টা করতে পারে। যারা হয়তো মনে করে যে নতুন কোন নেতৃত্ব এলে তাদের অবস্থান পুনরুদ্ধার কিংবা অতীতের কর্মকাণ্ডে ফিরে যেতে সক্ষম হবে। এ রকম একটা ভাবধারা থাকতে পারে। কিন্তু আমার জানা মতে, যে নতুন নেতৃত্বের কথা বলছেন, যেমন-তারেক রহমান। আমাদের প্রত্যেকের যেমন ওয়ান ইলেভেনের তিন বছরের অভিজ্ঞতায় যে শিক্ষা হয়েছে। আমি মনে করি না দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত কেউ কোন শিক্ষা গ্রহণ করেননি।

প্রশ্ন: ২৯শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে মন্তব্য করায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলকে ভারসাম্যহীন বলে প্রতিষ্ঠিত করেছে তারই দল আওয়ামী লীগ। আপনার মন্তব্য কি?

সাকাচৌ: আসলে একটি বিবেকতাড়িত সত্য বক্তব্য দেয়ার পর আওয়ামী লীগের ধমকেই উনি ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তার আগে উনার মধ্যে ভারসাম্যহীনতার কোন লক্ষণ তো আমরা দেখিনি। তিনি সংসদে বক্তব্য দিয়েছেন, সংবাদ মাধ্যমে বিবৃতিতে দিয়েছেন; তখন তো তার বিরুদ্ধে অভিযোগও আসেনি, নিজেও সে দাবি করেননি। তবে লন্ডনে গিয়ে বক্তব্য দেয়ার পর আওয়ামী লীগ নেতারা ধমক দিতে ও হামলা করতে শুরু করলেন। খোদ প্রধানমন্ত্রীই পদত্যাগের কড়া ধমক দিলেন। এ অব্যাহত ধমক আর হামলায় উনি ভারসাম্য হারিয়ে ফেললে সেটা আমি মনে করি স্বাভাবিক। এর আগেও তো আওয়ামী লীগের আমাদের দুই একজন বন্ধু-বান্ধবের বাড়িঘর আক্রান্ত হয়েছিল। ঝিগাতলায় আমার ঘনিষ্ঠ বন্ধু (সুরঞ্জিত সেনগুপ্ত) আওয়ামী লীগের শীর্ষ নেতার বাড়ি আক্রান্ত হয়েছিল। তখন উনিও ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে কাদের সিদ্দিকী, ড. কামাল হোসেন, আবদুর রাজ্জাক সবাই তো চাপে পড়ে ভারসাম্য হারিয়েছিলেন। এত চাপে পড়লে ভারসাম্য হারাতেই পারেন। তবে আমি মনে করি এটা সাময়িক।

প্রশ্ন: ওয়ান ইলেভেনের জন্য দায়ী একডজন ব্যক্তির বিরুদ্ধে মামলার উদ্যোগ নিয়েছিলেন। সেটা কি কোন চাপে পড়ে থমকে গেছে?

সাকাচৌ: আসলে চাপের মুখে ঠিক নয়, আইনগত কিছু জটিলতার কারণে দেরি হচ্ছে। কথা হচ্ছে- সবার দোষ কিন্তু একই রকম নয়। যেমন- নির্বাচন কমিশন ওয়ান ইলেভেনের সঙ্গে ছিলেন না। ফলে আমি তাদের ওয়ান ইলেভেনের সঙ্গে জড়াতে পারছি না। ড. ফখরুদ্দীনও ওয়ান ইলেভেনের পরে এসেছেন, তাকে আনা হয়েছে। ড. ইয়াজউদ্দিনের ক্ষেত্রেও কোন কাজ উনি নিজ উদ্যোগে করেছেন আর কোন কাজ চাপের মুখে করেছেন সেটা জানতে হচ্ছে। সবার অপরাধ যেমন আলাদা মামলাও তেমন আলাদা হবে। তবে মূল নায়ক জেনারেল মইনের ব্যাপারে কাগজপত্র সব পাওয়া গেছে। উনার জন্য আমরা মোটামুটি রেডি। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে মামলা ফাইল হয়ে যাবে- ইনশাআল্লাহ।

প্রশ্ন: সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনকে আমেরিকান আর্মি একটি পুরস্কার দিয়েছে, জানেন?

সাকাচৌ: ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক আমেরিকান সরকার বিশ্ববাসীকে প্রকাশ্যেই জানিয়ে দিলেন তারা ওয়ান ইলেভেনের উদ্যোক্তাদের অন্যতম শরিক ছিলেন।

প্রশ্ন: সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার করায় বিএনপি প্রতিবাদ করেছে। কেন এ প্রতিবাদ?

সাকাচৌ: আসলে আমি চট্টগ্রামের একজন নাগরিক হিসাবে সরকারের এ কর্মকাণ্ডে একদিকে উৎসাহিত অন্যদিকে উদ্বিগ্ন হই। তবে বাংলাদেশী হিসেবে আমার উদ্বেগটা খুব বেশি। এতে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বাংলাদেশের টেরিটোরিয়াল সভরেন্টি রক্ষা করতে হলে এ ব্যাপারে পুনর্বিবেচনা দরকার। একটি বন্দরকে কেন্দ্র করেই দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল। পোল্যান্ডের ড্যানজিগ বন্দরের এক্সেস-এর জন্যই হিটলার পোল্যান্ড দখল করতে যায়। এটাই ছিল দ্বিতীয় মহাযুদ্ধের সূত্রপাত। আমাদের দেশের চট্টগ্রাম বন্দরের কর্তৃত্ব বা এক্সেস নিয়েই নানা ষড়যন্ত্র চলছে। পাবর্ত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের ঘটনাটা এ ষড়যন্ত্রে অংশ নয়Ñ একথা আমি বিশ্বাস করি না।

প্রশ্ন: সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে যে জটিলতা সৃষ্টি হয়েছে এবং দুই দেশের কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়ে আপনার অভিমত কি?

সাকাচৌ: সমুদ্রসীমার বিষয়টি আমাদের সরকারের একটি ব্যর্থতা। এ ব্যর্থতার সঙ্গে দেশের অতীতের প্রতিটি সরকারই জড়িত। আমরা নিজেরা ক্লেইম না করে অন্যের ক্লেইমের ওপর এখন আরবিট্রেশন চাচ্ছি। আমাদের ক্লেইম তো ফাইল করিনি। এখন ভারত-মিয়ানমারের ক্লেইমে আমাদের অরবিট্রেশন অনেকটা দুই পক্ষের মামলায় পার্টি হতে চাওয়া। এ প্রসঙ্গে হাবিব ব্যাংকের একটি বিজ্ঞাপনের কথা মনে পড়ছে। বিজ্ঞাপনে স্বামী বলেন- হাবিব ব্যাংক আমার ব্যাংক, স্ত্রী বলেন- আমারও। এ সময় একটি বাচ্চার শব্দ রাজতো আমাল ও তো। এখন বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে- আমাল ও তো। আর কাঁটাতারের বেড়াটি সভ্য জগতের একটি কলঙ্ক। বার্লিন ওয়াল ছিল সভ্য জগতের কলঙ্ক। আজকে সে ওয়াল ভেঙে ফেলেছে। বিংশ শতকের কলঙ্ক একবিংশ শতকের ১ম দশক পেরিয়েও যদি কেউ করে সেটা নিশ্চয় সভ্যতার পরিচায়ক নয়। একই সঙ্গে আমাদের কূটনৈতিক সাফল্যেরও পরিচায়ক হতে পারে না।

প্রশ্ন: প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভূমিকা কতটুকু সফল বলে মনে করেন?

সাকাচৌ: টোটাল সফরটাই মনে হচ্ছে- একটি ট্যুরিজম ফেয়ার। আমি তো এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় দেখিনি যেগুলো সাধারণ অধিবেশনে উত্থাপন করেছেন। উনি একটি কথা বলেছেন যে, শান্তিরক্ষা মিশনে নাকি আমাদের কমান্ডার রাখতে হবে। আমার অভিমত হচ্ছে- সেনাবাহিনী যেগুলো বিদেশে আছে, অন্য দেশের স্বাধীনতা-সার্র্বভৌমত্ব রক্ষার জন্য যারা যায় তাদের সবাইকে আমাদের নিজেদের সীমান্ত রক্ষার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে মিশনগুলো থেকে আমাদের সৈন্য ফিরিয়ে আনা উচিত। কারণ তারা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে তার চেয়ে সাধারণ শ্রমিকরা এক হাজার গুণ বেশি আয় করে দেশে পাঠান। সেনা পাঠিয়ে আমাদের কোন লাভ হচ্ছে বলে মনে করি না। আমি মনে করি, বিডিআর ঘটনার পর আমাদের সীমান্ত আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানেই আমাদের সেনাবাহিনীর প্রয়োজন খুব বেশি। আমাদের নিজ প্রয়োজনীয়তা উপেক্ষা করে জাতিসংঘের কাছে ভাড়া খাটার জন্য সেনাবাহিনী পাঠানোর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হতে পারি না। উনার এ ধরনের বক্তব্য আমি অন্তত আশা করিনি। প্রধানমন্ত্রী সৌদি আরব যাওয়ার পর হুলস্থুল শুরু হয়ে গেল। আকামা ট্রান্সফারের ব্যবস্থা করে এসেছেন। এরপর ৬ মাস হয়ে গেল, কোন উন্নতি নাই। এখন প্রতিদিন সৌদি আরব থেকে হাজার হাজার লোক ফিরে আসছে। এই যদি হয় উনার সফরের সাফল্যের মাফকাঠি সেটাতো গতানুগতিক। বাকি যা বলা হচ্ছে- সবই বিদেশ সফরের অজুহাত মাত্র। তবে শুনছি উনি নাকি দিল্লি যাচ্ছেন। ওয়ান ইলেভেনের উদ্যোক্তা দেশ হিসেবে তিনি ওবামাকে দাওয়াত করেছেন। বিল ক্লিনটন এদেশের সফরের পর আওয়ামী লীগ হেরেছিল। এখন ওবামা এলে উনার রাজনৈতিক থার্মোমিটারের পারদ উপরে উঠবেÑ এটা কেউ মনে করলে তবে তার রাজনৈতিক জ্ঞান খুবই সীমিত।

প্রশ্ন: সম্প্রতি আপনি বলেছেন, প্রধানমন্ত্রী ঋণ পরিশোধের স্বার্থেই প্রয়োজনের বাইরেও অনেক কিছুই করছেন- এ অনেক কিছুগুলো কি?

সাকাচৌ: গত ৩ বছরের সরকারের কর্মকাণ্ডের ধারাবাহিকতার দায়-দায়িত্ব ওনাকে নিতে হচ্ছে। এটা কি আগের সরকারের যারা প্রণেতা ছিলেন তাদের সঙ্গে কি কোন চুক্তিতে আবদ্ধ হওয়ায়। নাকি ওয়ান ইলেভেনের সরকার তারই আন্দোলনের ফসল বলে দেয়া কমিটমেন্টের কারণে। নাকি তিনি তত্ত্বাবধায়ক সরকারের সর্ব কর্মকাণ্ড বৈধ করে দেয়ার কারণে জানি না। নাকি ২৯শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেখানে অভূতপূর্ব ও অভাবনীয় এবং মিজিক্যালি যে রেজাল্ট হয়েছে সে জন্য। তবে সব মিলিয়ে ঋণ পরিশোধের জন্যই তিনি বেশি ব্যস্ত বলে জাতির কাছে লক্ষণীয়। আমাদের দেশে ঢাকা-চট্টগ্রাম একটিমাত্র হাইওয়ে। সেটা মেরামতের কোন উদ্যোগ নেই। সেখানে গত ৯ মাস ধরে বর্তমান প্রধানমন্ত্রী এশিয়ান হাইওয়ে বাস্তবায়নের কথা বলছেন। যতগুলো কাজ গত নয় মাসে হয়েছে সেগুলোর মধ্যে একটিও পাওয়া যাবে না, যেটি ২ বছরের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সঙ্গতি নেই।

প্রশ্ন: বর্তমান সরকারের ৯ মাসের মূল্যায়ন কিভাবে করবেন?

সাকাচৌ: প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা করেছেন, তাদের ৯ মাসের কর্মদক্ষতা বা অদক্ষতার যে চিত্র তাতে হতাশা না হয়ে উপায় নেই। তবে আমি কাউকে আঘাত করতে চাই না। মনে হচ্ছে তাদের প্রাধান্য বা মনোযোগ এখানে নেই। মনে হচ্ছে কোথা থেকে যেন কলকাটি নাড়ানো হচ্ছে। কোথাও থেকে তারা নির্দেশ পেয়েই কাজ করছেন। মন্ত্রীরাই বলছেন, চাঁদাবাজিতে সবাই উদ্বিগ্ন। নিজেরই বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মন্ত্রীরা বলছেন, ক্রসফায়ারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করেন না। তবে প্রতিদিন তারাই একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছেন। সম্প্রতি কয়েকজন মন্ত্রী ক্রসফায়ারে মৃত্যুর পক্ষে কথা বলছেন। সরকার এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে, এক লিটার পানি উত্তোলন কিংবা এক মিলিয়ন সিএফটি গ্যাস উত্তোলন করতে পারেনি। দ্রব্যমূল্য বেড়ে যাওয়াই রমজানে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। চিনির দাম নিয়ে তো এক ধরনের তামাশা হয়েছে। সরকারের যে দায়-দায়িত্ব থাকে, সাধারণের আকাক্সক্ষা তাকে এর কিছুই পূরণ করতে কার্যকরী উদ্যোগ নেয়নি। সব মিলিয়ে যারা পর্দার আড়াল থেকে কাঠি নাড়াচ্ছেন রাজনীতিবিদদের হেয় করার যে পরিকল্পনা সে পরিকল্পনা আবারও এগিয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস।

প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের কথা উঠেছে। বর্তমান আওয়ামী লীগই এক সময় এ পদ্ধতি চালুর জন্য আন্দোলন করেছিল। এখন এর ভবিষ্যৎ কি হতে পারে?

সাকাচৌ: ১৯৯৫ সালে যখন এ আন্দোলনের শুরু তখন আমি ছিলাম বিরোধী দলে। তখনও এ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সম্পর্কে আমার অভিমত ছিল, আফ্রিকার গভীর জঙ্গলেও এ ধরনের অ™ভুত পদ্ধতি খুঁজে পাওয়া যাবে না। আমার সে মতের পরিবর্তন ঘটার মতো কোন ঘটনা এখনও ঘটেনি। তবে এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত। দলের মতামত হিসেবে এ কথা বলার আমি অধিকার রাখি না।

প্রশ্ন: সরকার বঙ্গবন্ধুর পরিবারিক নিরাপত্তা আইন পাস করেছে, আপনার মন্তব্য কি?

সাকাচৌ: যেখানে পুরো জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তার ব্যাপারে আমি তো বিরোধিতা করতে পারি না। এখন কি কারণে তাদের নিরাপত্তাহীনতা সাধারণ নাগরিকের চেয়ে বেশি সেটা তো প্রধানমন্ত্রীর পরিবারই ভাল বলতে পারবেন। উনাদের নিরাপত্তাহীনতা এত বেশি কেন। প্রথম সংসদের মতো এবারও ভোট মেজরিটি পেয়েছে আওয়ামী লীগ। এত বেশি, ৮৭ ভাগ ভোটের বোঝা নিয়ে, ৮৫ ভাগ আসন নিয়ে নিরাপত্তাহীনতা কেন ভুগছেন তা বোধগম্য নয়। তবে উনি বিরোধী দল নয় দলের লোকজনের মধ্যেই নিরাপত্তাহীনতায় ভোগেন। যেটা তার দলীয় অনুষ্ঠানে কাঁচঘেরা ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার সময় বোঝা যায়।

প্রশ্ন: যুদ্ধাপরাধীদের বিচার টাইমফ্রেম বেঁধে করা সম্ভব নয় বলে আইনমন্ত্রী মন্তব্য করেছেন, আপনার মন্তব্য কি?

সাকাচৌ: তালাত মাহমুদ, মুখেশ, মোহাম্মদ রফি, হেমন্ত মুখোপাধ্যায় বা লতা মুঙ্গেশকরের মতো যারা ভাল গান গায়, তাদের গান পুরনো হলেই কিন্তু শোনা বন্ধ হয় না। গান যখন একবার রচিত হয়েছে এটা তো চলতে থাকবে। গান একবার হলে এটার কিন্তু সময়সীমা থাকে না। ইহুদিরা হলোকষ্ট নিয়ে ৬০ বছর পরও চালিয়ে যাচ্ছে। সেক্টর কমান্ডারস ফোরাম ও আওয়ামী লীগ তো মাত্র ৩০ বছর হলো শুরু করেছে। এটা ৩০০ বছর চালানোর কাজ। তবে এটা নিয়ে আমি আনন্দ বা উদ্বেগের কোন কারণ দেখি না। বিস্ময়ের তো নয়ই।

প্রশ্ন: আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পুরস্কার প্রাপ্তিকে কিভাবে দেখছেন?

সাকাচৌ: আমেরিকার নির্বাচিত হওয়ার কৃতিত্ব ছাড়া ওবামার নোবেল পুরস্কার পাওয়ার কোন কারণ দেখি না। তবুও বোঝা গেল নোবেল কমিটির মান ম্লান হয়ে গেছে। তবে আমাদের ড. ইউনূস নোবেল পাওয়ায় আমি গর্ববোধ করি। ওবামা নোবেল পাওয়ার পর পত্রিকায় দেখলাম- হিটলার, স্টালিনের নামও নাকি নোবেলের জন্য প্রস্তাবিত হয়েছিল। আমি চাই না হিটলার-স্টালিনের সঙ্গে ওবামার তুলনা করতে। তবে কমিটির উচিত যোগ্যতা যাচাই করে পুরস্কার দেয়া।

প্রশ্ন: অভিযোগ আছে, অনেক সময় আলোচনায় থাকার জন্যই আপনি বিতর্ক তৈরি করেন!

সাকাচৌ: রাজনীতিবিদ হিসেবে যখন জীবন যাপন করছি তখন আলোচিত হতে চাওয়া বা আলোচিত হওয়াই তো স্বাভাবিক। আলোচনা-সমালোচনার মাধ্যমেই তো রাজনীতি। আমি কোনদিন আলোচনার বাইরে থাকতে চাই না। আর যদি আমার মতো রাজনীতিবিদদের বক্তব্যে জুমার নামাজের ইমাম সাহেবের খুতবার মতো বিতর্কের ঊর্ধ্বে থাকতে হয় তবে তো মসজিদের ইমামতিই করতাম। রাজনীতিতে অংশ নিতাম না। তবে সমালোচনা কেউ তেমন পছন্দ করে না। কিন্তু রাজনীতিবিদদের জন্য তো এটা অকুপেশনাল হ্যাজার্ড। আমরা যে যেই পজিশনেই রই না কেন, রাজনৈতিক মতাদর্শ থেকে যখন কথাবার্তা উত্থাপন করি, এর পক্ষে-বিপক্ষে তো জনমত থাকতে পারে। রাজনীবিদ হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে- জনমতের অধিকাংশই যেন আমার বক্তব্যের পক্ষে থাকে।



সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৬

প্রসঙ্গঃ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন....

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)এর দেওয়া রায় আইনগতভাবে সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য মানা বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×