অনেককে দেখেছি নিজেদের কোন ব্যর্থতার জন্য তারা ইসলামকে দায়ী করেন। বলেনঃ
"না শিক্ষা , না ইসলাম তাদের কোন কাজে এসেছে"
•
•
•
প্রথমতঃ ইসলাম ছাড়া শিক্ষা অর্থহীন। আল্লাহর রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু য়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যার অন্তরে কুরআনের কোন অংশ নাই সে যেন একটি উজাড় ঘর"। (তিরমিযী)
একটা উজাড় বা খালি ঘর যেরূপ অন্ধকারে পড়ে থাকে, তার মধ্যে পোকামাকড়ের বাসা পাওয়া যেতে
পারে, কিন্তু আলো পাওয়া যাবে না। ব্যাপারটা কবরের সাথে তুলনীয়। কবরে যেরূপ অন্ধকার থাকে সেরূপ।
হয়তবা অনেক লেখাপড়া, শিক্ষা-দীক্ষা অর্জন করল কেউ, কিন্তু কুরআনের আলো না থাকার কারণে সে আসলে অজ্ঞ হয়েই রইল। অজ্ঞতা হল অন্ধকার। কাজেই সে মনে করে সে অনেক শিক্ষিত, কিন্তু আসলে অন্ধকারে আছে।
আল্লাহ রব্বুল য়ালামীন কুরআনে হুকুম দিয়েছেন, "তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর"। এখানে আংশিক করতে বলেন নি। পরিপূর্নভাবে প্রবেশ করতে বলেছেন।
মিষ্টি তা যতই সুস্বাদু হোক মুখের মধ্যে নিয়ে না গিলে ফেলে দিলে যেমন মিষ্টির স্বাদ পাওয়া যাবে না,
এ সি কক্ষের ভিতরে পুরোপুরি না ঢুকে দরজায় দাড়িয়ে থাকলে যেমন এ সি -র পুরো স্বাদ উপভোগ করা যাবে না-
ঠিক তেমনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ না করলে তা কোন ব্যক্তির পক্ষে ততটা স্বাদযুক্ত হবে না। অর্থাৎ ইসলামে যে নিরাপত্তা আছে সেটা সে পুরোপুরি পাবে না। সে আলোর খুব সন্নিকটে থাকবে কিন্তু থাকবে মূলত অন্ধকারে।
যারা ইসলামকে নিয়ে চলেন তাদের সাথে কথা বলুন, দেখবেন আল্লাহ রব্বুল য়ালামীন তাদের কত শান্তিতে রেখেছেন। ইসলাম তাদের জন্য ঠিকই কাজে আসে। তারা নিজেদের কোন ব্যর্থতার জন্য কোনদিন ইসলামের দিকে আঙুল উঁচু করে না।
এজন্য আসুন ভাই, আমরা সকলেই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করি যেন আমরা পরিপূর্ণভাবে উপকৃত হতে পারি। প্রেসক্রিপশন না মেনে ওষুধ সেবন করে রোগী মরে গেলে ডাক্তারের কি দোষ? কারণ তাকে তো পইপই করে বলা হয়েছিল ওষুধ ঠিকমত খেও।
আল্লাহ রব্বুল য়ালামীন আমাদের অন্তরকে সোজা রাখুন, বোঝা ও য়ামল করার তৌফিক দান করুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




