গ্রামে এসে মামার লাইফটা মোটামুটি জীবন হয়ে গেল। মা-বাবার শাসন না থাকলে যা হয়, তাই হয়ে গেলেন আমার মামুজান। সাক্ষাৎ ইবলিশ যাকে বলে আর কি। তার উপর যোগ হলো পাশের বাড়ির বাবুল মামা। দু'জন মিলে সারাদিন বাঁদরামি করে বেড়ান।
এক শীতকালের ঘটনা। গ্রামে যাত্রাপালার আসর বসেছে। ছোটমামা ও বাবুল মামা দেখতে যাবেন সে যাত্রা। কিন্তু বাধা হলো মামার লোকাল গার্জিয়ান তথা বাবুল মামার আব্বা। উনি যদি জানতে পারেন, তাহলে দু'জনের ঠ্যাং ভেঙ্গে হাতে ধরিয়ে দেবেন। তারপরও ঠ্যাঙের পরোয়া না করে দু'জন রাতে গেলেন যাত্রা দেখতে।
যাই হোক, যাত্রায় যখন হেভি ড্রামা চলছে, তখন আমার ছোট মামার লাগল পানিত্যাগের চাপ। অনেকক্ষন চেপে রাখার পর মামা বাবুল মামাকে বললেন তার করুণ অবসহার কথা। কিন্তু বাবুল মামার এক কথা এই ড্রামার মধ্যে তিনি যাত্রা ছেড়ে মামার মূত্রত্যাগের সঙ্গী হতে পারবেন না। ছোটমামা পড়ে গেলেন উভয় সংকটে। একে জঙ্গলে ভূতের ভয়, অন্যদিকে তলপেটের প্রবল চাপ। থাকতে না পেরে উনি বাবুল মামাকে বার বার ত্যক্ত করতে লাগলেন। বাবুল মামা কিছুক্ষন সহ্য করে এক বুদ্ধি বের করলেন। সামনের দিকে বসা এক ভদ্্রলোক কম্বল মুড়ি দিয়ে যাত্রা দেখছিলেন। বাবুল মামা ছোটমামাকে বললেন ওই ব্যাটার পিছনে গিয়ে কম্বলে মূত্রত্যাগ করে আসতে। খুবই বৈজ্ঞানিক সমাধান। কম্বল ভালো পানি টানে। একটু ইতস্তত করে যখন মামা দেখলেন ব্লাডার ফেটে যাবার উপক্রম, তখন আস্তে করে ভদ্্রলোকের পিছনে বসে কিছুক্ষন যাত্রা দেখার ভাণ করে কম্বলের উপর কর্মটি সেরে দিয়ে চুপচাপ নিজের জায়গায় ফেরত এসে এমনভাব করলেন যেন ভাজা মাছটি উলটে খেতে জানেন না।
কিন্তু চোরের মন পুলিশ-পুলিশ। মূত্রত্যাগের পর দুই মামাই যাত্রা বাদ দিয়ে খালি ভদ্্রলোককে দেখে আর চিন্তা করেন এই বুঝি টের পেয়ে গেল। আগেই বলেছি শীতকালের ঘটনা, কম্বল বা চাদর এমনিতেই গা থেকে নেমে যায়, তার উপর ভেজা, ভারি কম্বল, তাই যা হবার তাই হলো। মামারা দেখলেন ভদ্্রলোকের কম্বল গা থেকে পড়ে যায় আর উনি ঠিক করার সময় ঝাপটা মেরে কাঁধের উপর কম্বল ফেলে ঠিক করেন। আর ঝাপটা মারার সাথে সাথে মিলাদে দেয়া গোলাপজলের মত মামুজানের ত্যাগ করা দুর্গন্ধযুক্ত পানি আশেপাশের লোকজনের উপর পড়ে।
কিছুক্ষনের মাঝেই আশেপাশের মানুষজন কানাকানি শুরু করে দি লে দুই মামা আস্তে করে যাত্রার আসর থেকে সটকে পড়ে সে যাত্রা গণধোলাইয়ের হাত থেকে রক্ষা পান।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



