আমার একচিলতে আকাশ ছিলো, সে আকাশে পাখিরা উড়ত স্বাধীন। সে আকাশ কখনো শোনেনি শিকারীর ক্রুর হাসি। যে আকাশে কখনো ভাসেনি রক্তাক্ত ডানার আর্তনাদ। হয়ত মৃত্যূ ছিলো না, সে আকাশে অমর, অজেয় ছিলো সবই।
প্রিয় চেনা সে নগর, যেখানে আকাশে ছিলো রঙধনুর মেলা। সেখানে যান্ত্রিকতা স্পর্শ করেনি কাউকে। অনুশাসনের শেকলে বাঁধা পড়েনি কোন কোমল প্রাণ। হয়ত মিথ্যে ছিলো না। সে নগরে অসহ্য রকম সত্যি ছিলো সবই।
...
আমার আকাশে এখন মাংশাসী বাজ হানা দেয়, হিংস্র ব্যাধের গুলিতে বাড়ে রক্তাক্ত ডানার আওয়াজ... নির্বোধ আক্রোশে বিক্ষত হয় কোমল হৃদয়।
আমার নগরে এখন স্বার্থান্বেষী মানুষেরা মিথ্যের মায়াজাল বোনে, ফুটপাথে পড়ে থাকে অনাদরের সন্তান। পিশাচেরা রক্তের উৎসবে মাতে মাঝদুপুরের মাতাল রোদে।
আমার নগরে আজ শুন্যতার প্রতিচ্ছবি আঁকে বিবর্ণ সময়, বিক্ষত ক্যানভাসের রঙ এ, আলোর সমাধি মিছিলে...
২৪.১০.২০০৭
© ডাচম্যান
আলোর সমাধি মিছিলে
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



