ব্যস্ত শহর, ব্যস্ত রাজপথ। হেঁটে চলেছি সেই রাজপথের অনুচ্চ, সুপ্রশস্ত দেয়াল ধরে। দেয়ালটি কোথাও ভাঙা-চোরা, কোথাও আবার চোখে পড়ে তার আকর্ষণীয় আভিজাত্য । এভাবেই হাঁটতে হাঁটতে কখনো ঢুকে পড়েছি কিশোরীর চুলের রেশমী ফিতের মত সরু আর বর্ণিল সাপের মত আঁকা-বাঁকা কোনও গলিতে অথবা দেয়াল শেষে দেখেছি খোলা প্রান্তর কিংবা কোনও নদী।
অথবা হেঁটে গেছি প্রাচীন পুন্ড্রনগরীর রাজধানীর প্রলম্বিত দেয়াল ঘেঁষে, যে দেয়াল স্পর্শমাত্রই যেন জেগে উঠতো কিংবদন্তীগুলো ।
প্রাচীন শহরের রহস্যময় কুয়াশার আড়াল পেরিয়ে আবারো ফিরে যাই নির্জন দুপুরে রোদতপ্ত রাজপথের মরীচিকা দেয়ালে। অথবা কোনও জীর্ণ গলিতে; যেখানে দেখেছি কোনও মনোহারী দোকানে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি, পাশের ছোট্ট হোটেলটিতে সস্তা প্লেটে ধোঁয়া ওঠা গরম ভাতের অপেক্ষায় বসে থাকা কোনও ঘর্মাক্ত রিক্সাচালক।
দিনে দিনে এভাবেই হেঁটে যাই মানবঅরণ্যের গহীনতায়।
আমি অন্তহীন পথের পথিক হতে চাই!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




