ভাল করেই জানো আমি ওখানে আর থাকি না।
আমার সেই আগের নাম নেই। পদবী বদলেছে। বদলেছে ফাল্গুন উদযাপন,
বৈশাখের আগাম চলে যাওয়া। চুলের শুমারী করি, ক্রমাগত সংখ্যা কমে যায়।
জানালায় চিরলপাতার পর্দাটা এমন যে মোচড় দিতেই আলো বাড়ে কমে
আলোর নিয়ন্ত্রণ বাড়ে, আলো একরতি বাড়ে নি।
এখনো বাইরে থেকে দেখি বাড়িগুলো গলা বাড়িয়ে সিমেন্টের সারসের মত আকাশ ছুঁতে চায়
ফোন করলে লাইনটা কাটা পাবে। শুনেছি বাজে কিন্তু কেউ ধরে না। দরজার সামনে এসে দাঁড়ালে ভুলু
অযথা হৈ চৈ করতো
পরের বছরই সে মরে যায়। ও যদি বেঁচে থাকতো আমি ওকে ঠিকই রাখতে চাইতাম।
তুমি কি লিখছো পুরনো ঠিকানায়? মানুষ লেখে।
মিতুল যখন ছোট ছিল, লাভ নেই জেনেও স্নানঘরের বালতিতে কাগজের নৌকা ভাসাতো।
লাভ নেই জেনেই পৃথিবী ঘোরে,
যদি লেখো সে ঠিকানায় পিয়ন জেনে শুনে একটা খাম
ফেলে যাচ্ছে। যেমনটা হকার দরজার নিচ দিয়ে পেপার ঠেসে দেয়, যার যার দায়িত্ব যে পালন করে।
তুমি জেনে গেছে আমি ও শহরে আর থাকি না।
ইচ্ছে অনিচ্ছাতে সাতটা ঠিকানা বদলেছি। দোতলা থেকে পাঁচতলা উঠেছি। ফের নামলাম দোতলায়।
লুডোর ছক্কার মত বাড়ির নম্বর ভেসে ওঠে।
লিফটে উঠে সংখ্যা চেপে দেই। মঞ্চের পর্দার মত দরজা দুভাগ হয়ে গেলে নিখূঁত বাড়িতে এসে ঢুকি।
জীবন কি সংখ্যার নামতা? ডানে থেকে বামে চলাচল, স্থির কিংবা অস্থিরতার উপাসনা?
তারিখগুলো একই রকম লাগে।
দিন মাস বছর ছক কাটা কাগজে লিখতে পারি। তবু অভিযোগ, আমি ঘুড়ি ভালবাসতাম খুব,
নতুন বাড়ির ছাদ যদি দেখতে! এত উঁচু যে ঘুড়ির সুতো আর নাগাল পায় না।
ইদানিং সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দশমিক দিয়ে সংখ্যা শুরু হচ্ছে।
এখন এ বাড়িতে কেউ আর মাফলার বুনতে জানে না। শুধু ধূসর এক মাকড়সা সময় পেলেই জাল বুনতে থাকে।
-
ড্রাফট ১.০
মনে হল চিঠি পেলাম, অথচ কবিতার সব আমিই আমি না।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


