একটা সময় আমার একটা ফোনের জন্য কতইনা কাতর ছিল সে। অনেকদিন পরে গতকাল রাত্রে নিতান্তই তার বর্তমানের অবস্থা জানার জন্য ফোন করলাম। একটা রিং বাজতেই লাইনটা কেটে দিল। আজ সকালে নিজে থেকেই ফোন করে জানাল, অতো রাত্রে ফোন না করলেও পারতে। তবে সবচেয়ে ভাল হয় আর ফোন না করলে। কতো সহজ ও সরল ভাষায় বলে ফেলল কথাটা! বুঝলাম, তার জগত এবং চিন্তায় এখন আমি অপাংতেয়।
স্কুলের যে বন্ধুটি একদিন স্কুলে না আসলে কিংবা পাশে না বসলে ক্লাসের পুরো সময়টা শূন্য মনে হত আজ বহুকাল তাঁর কোন খবর নেই। যখন একা থাকি, যখন তার কথা মনে পড়ে তখন বর্তমানের একাকীত্বটা আরো বেশি করে গ্রাস করে নিজেকে। কোথায় আছে, কি করছে তার কোনকিছুই জানিনা। হয়তো এতোদিনে বিয়ে করেছে। স্ত্রী এবং সন্তানদের নিয়ে খুব ভালই আছে। আমার কথা কি তার মনে পড়ে? মনে হয়, না।
অতিরিক্ত বাসনা আমার কোনকালেই ছিল না। মহান দার্শনিক, মহান নেতা, মহান শিল্পপতি এসব উপাধির কোনটিই আমাকে আকর্ষিত করেনি। নিতান্তই একজন সাধারণ হতে চেয়েছিলাম। কিন্তু সাধারণ হওয়াটা হয়তো শেষ পর্যন্ত কোন সাধারণের ভাগ্যে জোটেনা।
একটি জরাজীর্ণ এবং গরীব দেশের অর্থমন্ত্রী হিসেবে আমাদের মাননীয় মন্ত্রী সবসময়ই চিন্তিত থাকেন কিভাবে দেশটাকে চালাবেন, কিভাবে সাধারণের মঙ্গল করবেন। চিন্তাটা মহাশয়কে এতোটাই আচ্ছাদিত করে যে, মাসটা শুরু হল না শেষ হল এই হিসাবটা তিনি প্রায়ই ভুলে যান। মাঝে-মধ্যে তাই মাসের প্রথম সপ্তাহেই মনে হয় যে মাস শেষ হয়ে গেছে। কিন্তু মাননীয় মন্ত্রীর চিন্তার উপাদানেরা অর্থাৎ সেই সাধারণেরা যারা থলে হাতে বাজারে যান তারা কখনও মাসের হিসাবটা গুলাতে পারেন না। প্রতিদিনের প্রতিটা ক্ষণই তাদের কাছে খুব স্পষ্ট। বিশেষ করে মাসের শেষ সপ্তাটাতো যেন একেবারেই শেষ হতে চায় না।
অফিসের বাসে করে যখন ফিরি তখন পাশের বয়স্ক সহকর্মীদের দেখে মনে হয় এমনি করে এভাবে আসতে যেতে আমি নিজেও একদিন তাদের মতো বুড়ো হয়ে যাব। তাদের মতোই আমার কোন সাধ পূরণ হবে না। শেষ বয়সে তাদের মতো করেই ছেলের চাকরীর জন্য এক দরোজা থেকে অন্য দরোজায় ঘুরে বেড়াব। শেষমেষ ছেলে হয়তো একটা চাকরী পাবেও এবং যে জীবনটা আমি যাপন করছি অবিকল সে রকমের অপংতেয় একটা জীবন সেও যাপন করবে।
আমার আত্মা! তুমি কি আমার নির্দেশে চল? নাকি অন্য কারো? আমার কর্ম, আমার ধর্ম, আমার এই জীবনাচারণ, এগুলো কি আমার ইচ্ছায়? নাকি অন্য কারো? আমি বিভ্রান্ত! মনে হয় জীবনের অন্যান্য উপাদানগুলো মতো আমার ইচ্ছা, আমার আত্মাও আমাকে পরিত্যাগ করেছে। আমি এখন তার কাছেও অপাংতেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

