তোমার আঙিনা আজ বর্ষণমুখর
মৃদুমন্দ হাওয়া আর টুপটাপ বৃষ্টি ছন্দ তুলে নেচে যায়,
গাছের পাতা, টিনের চাল বৃষ্টিদলের সাথে ভাব জমায়।
জলের ধারায় আনন্দের জোয়ার আসে।
বিকেলের অবসরে তুমি বারান্দায় আসো,
ধোয়াউঠা চায়ের কাপে ঠোট ছোয়াও।
তোমার আবদ্ধ চোখের দৃষ্টিতে কেবল প্রকৃতির স্নিগ্ধতা,
সেই চোখে আনন্দ খেলা করে।
তুমি আর তুমি নেই, এ তুমি অন্য তুমি।
মনে আছে? বৃষ্টির গান গাইতাম আমরা?
দুজনের হাতে থাকত দুহাত, পাশাপাশি বসে,
কখনো তোমার চোখ বৃষ্টি দেখে, কখনো তা আমার চোখে।
আজও কি সেই দৃষ্টি দিয়ে বৃষ্টি দেখো?
প্রাণে বাজে আমাদের গাওয়া বৃষ্টির গান?
হঠাৎ বজ্রপাতের গম্ভীর শব্দে তুমি কেঁপে উঠো,
ঠিক যেমনি করে কেঁপে উঠতে আমার স্পর্শে।
আকাশের দিকে তাকিয়ে তুমি কি কিছু মনে করার চেষ্টা করো?
কোন মুখ? কিংবা কোন প্রিয় মুহূর্ত?
একটুকরো জমাট মেঘ দেখো তুমি আকাশে,
অথচ তুমি জানোনা তা জমাট মেঘ না জমাট দুঃখ।
যা কিছু প্রিয় তাই কি দুঃখ হয়ে ধরা দেয়?
অথবা চোখের জল?
একসময় বৃষ্টি থেমে যায়, থেমে যায় সব ঝড়,
শান্ত প্রকৃতি।
বৃষ্টির গান মনে করতে না পারার ব্যর্থতা তোমায় আর পোড়ায় না।
তুমি নিজেও জানোনা আজ তুমি কতটা অভ্যস্ত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


