এতোদিনে আমিও জেনেছি
নি:সঙ্গতা তোমাদের বাগানের অপরাজিতায়
কিভাবে মায়ার মতো মিশে থাকে,
স্নানাহার শেষে ঝিম দুপুরের অলস বালিশে
কিভাবে ছড়িয়ে দাও ঘনঘোর মেঘরাশি,
তারুণ্যের সিঁড়ি বেয়ে, অমোঘ ও দুর্নিবার টানে,
কেন ও কিভাবে তুমি
আগুনে রেখেছো হাত বারবার।
আমিও জেনেছি, মেয়ে,
দশম শ্রেণীর শুভ্র, অমল কিশোরটির
নিদ্রাহীন হলুদ দু চোখ থেকে শুরু করে
সদ্যপ্রৌঢ় পুরুষের ক্ষোভ, গ্লানি, ক্লেদ আর আশা
কেন ও কিভাবে
বিচিত্ররাগিণী অর্কেস্ট্রার মতো বাজায় তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


