***কবিতার বোঝাপড়া***
************************
বুলেট কোনো কবিতার শব্দ নয়;
কিংবা একটি রাইফেল--
উন্মত্ত জালিম শাসকের ভাষায়ই কথা বলে।
বেয়নেটের ডগায় বাঁধা পতাকা
কপট হাসির শ্লেষ্মা ছড়ায় বাতাসে।
শান্তি বলে কোনো শব্দ নেই
একবিংশ শতাব্দীর পৃথিবীতে।
কিংবা শান্তির অবতারের আড়ালে
লুকিয়ে আছে সভ্যতার নর-শয়তানের দল।
গণ-অধিকার মদে চুর হয়ে অজ্ঞান পানশালায়।
সার্বভৌমত্ব জাতীয়তা--- বেশ্যার দাঁত কেলানো অট্টহাসি।
বনি-আদম যতটা জীব ততটা মানুষ নয় যেন,
যতটা মুক্তির অঙ্গিকার ততটাই বিস্তৃত গোলামীর জাল।
তবু ভালোবাসায় আছে প্রত্যয় এই চারণ কবির,
কবিতার জন্য নিবেদিত আমার মধ্যরাত।
যে আবেগের প্লাবন আমার হৃদয়ে
তার কোনো গোত্র নেই, বর্ণ নেই--
এক অখন্ড মানবতাবোধের মর্মবাণী
জনপদে পোঁছানোর দায়িত্বে আবদ্ধ আমার কলম
২১/০৩/২০১৫
সখিপুর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


