যখন শিউলি ফুলের ত্বকে ঝলকে উঠে ভোরের শিশির
আর চারিদিকে রাত্রি হননের গান গেয়ে
ডেকে উঠে একশ একটা বুনো শালিক
এবং যেই মুহুর্তে দিনের প্রথম আলোকচ্ছটা
ঐ হিমাদ্রি পাহাড়ের চূড়া ঝলসে দিয়ে
তেড়ে আসে আমার অন্ধ কুঠুরির দিকে,
আমি ঠিক সেই সময়
দাইদালাসের অদ্ভুত কারুকার্যময় পাখা বাহুতে লাগিয়ে
এই বন্দীঘরের একমাত্র জানালার কার্নিশে দাড়াবো,
তারপর রাজা মাইনস,
তোমার এই কারাগার থেকে মুক্তি ।
জ্বলন্ত যেই আগুন কুন্ড থেকে সে বড় একাকী
জন্ম নেয়
রূপময়ী পাখি এক
একলা ফিনিক্স - মুক্ত আমি সেই গর্ভমুখী হব
উড়তে উড়তে চলে যাবো সূর্যের কাছাকাছি।
তারপর উত্তাপে গলে গেলে মোমের পাখা
ঝাপ দেব অতল জলধির বুকে
আমি একদিন গ্রীক পুরুষ ইকারুস হব ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৭ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


