নক্ষত্র রুমে ঢুকে দেখে নূপুর ঘুমিয়ে আছে। মাথার পাশে একটা লাম্প জ্বলছে। নক্ষত্র ঠিক নুপুরের সামনে যেয়ে নিচে পা ভাঁজ করে বসে। তাকিয়ে থাকে নুপুরের দিকে। এই মেয়েটির জন্য এমন কেন লাগে ওর? এই মেয়েটির জন্য পৃথিবীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে ও, শুধু একবার ওকে দেখার জন্য। নূপুর যদি সত্যিই জানতো ওকে কতোটা ভালোবাসি তাহলে এই মেয়েটা পৃথিবীর কোনদিকে আর কখনো চোখ তুলে তাকাতো না। খুব আলতো করে হাত টা ছোঁয়ায় নুপুরের গালে, তারপর নুপুরের হাতটা হাতের মুঠোয় নিয়ে আসতে করে ঠোঁট ছোঁয়ায় আর সাথে সাথে নুপুরের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে কিছুক্ষণ তাকিয়ে থাকে নূপুর, বুঝতে সময় নেয় এটা কোন স্বপ্ন না বাস্তব তারপর দুহাত বাড়িয়ে দেয় নক্ষত্রর দিকে। লোপা তখনই ঘরে ঢুকছিলো, থমকে দাড়িয়ে যায়...অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে একজন আরেকজনকে কি গভীর টানে জড়িয়ে ধরে আছে, নুপুরের চোখ বন্ধ কিন্তু গালে চিকচিক করছে আনন্দের অশ্রুজল। লোপার কাছে মুহূর্তের জন্য মনে হয় এই মানব মানবী পৃথিবীর কেউ না কারণ এতো ভালোবাসার ক্ষমতা মানুষের থাকতে পারেনা। তারপরই মনে হয়, না শুধু মাত্র মানুষই পারে এমন পাগলের মতো কাউকে ভালো বাসতে। এই ক্ষমতা আল্লাহ্ শুধু মানুষকেই দিয়েছেন।
ফারজানা মিতু ( উপন্যাস- আমার অদৃষ্টে তুমি )
অনেকে আমার বইয়ের কিছু অংশ পড়তে চেয়েছেন, তাই কিছু অংশ পোস্ট করলাম। উপন্যাসের নাম " আমার অদৃষ্টে তুমি"। বইটি ২০১৬ তে বইমেলায় আসবে দিব্য প্রকাশ থেকে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




