আমার ভাস্তি সুহাকে দেখা-শোনা করার জন্য অনেক দিন থেকেই একটা মেয়ে খোজা হচ্ছিল।একটা মেয়ের খোজ পাওয়া গেল। মেয়েটার বাবা-মা আমাদের বলেছিল-মেয়েটার বয়স এগার।কিন্তু মেয়েটাকে যখন আনা হল,তখন আমরা তাজ্জব!মেয়েটার বয়স খুব বেশী হলে আট বছর হতে পারে।এত ছোট মেয়েকে মা-বাবা কিভাবে ছাড়ল?
যাই হোক,প্রথম দুই দিন সে অনর্গল কান্না করল। খুব অল্প সময়ে মেয়েটা আমাদের একজন হয়ে গিয়েছে। এত ছোট একটা মেয়ে যে ওকে ভাল না বেসে উপায় নেই। প্রথম দুইদিন সে যত কান্নাকাটি করেছে,এখন সেই সব হাসি দিয়ে পুষিয়ে দিচ্ছে। তার হাসি আবার খুবই বিপজ্জনক।একবার হাসতে শুরু করলে সে থামতে পারেনা। আবার তার হাসি আসেও খুব আজগুবি কারণে।
সেদিন আমার ঘরে আমি তালা লাগিয়ে চাবি ভিতরে রেখে চলে এসেছিলাম।রাতে ঘুমাতে যাওয়ার জন্য উপরে উঠব যখন তখন মনে হল যে চাবি ঘরের ভিতর রেখে তালা ঝুলিয়েছি।আমি ঘুমে ঢুলুঢুলি চোখে একটা হাতুড়ী দিয়ে তালায় বাড়ি মারছি,তখন দেখলাম সে আমার পাশে দাড়িয়ে মিটিমিটি হাসছে।তার হাসি প্রকান্ড আকার ধারণ করল, যখন আমি কিছুতেই তালা ভাঙ্গতে পারছিলাম না। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ লাগল। বললাম, "ঐ খাদিজা আর হাসলে কিন্তু হাতুড়ি দিয়া বাড়ী মেরে তোর দাত ভাইঙ্গা দিব!"
আমার কথা শুনে সাথে সাথে সে দাত ভিতরে ঢুকিয়ে মুখে হাত দিয়ে আরো ভয়াবহ ভাবে হাসতে শুরু করে দিল।একেবারে উথাল-পাথাল হাসি যাকে বলে! ওর হাসি দেখে আমিও কেন যেন তালা ভাঙ্গা বন্ধ করে হাসতে শুরু করলাম।তার হাসিটা এতই সংক্রামক!
খাদিজার প্রধান কাজ হল সুহার সাথে খেলা ধুলা করা।এছাড়া কোনো কাজ নেই তার।কাজ দিয়েও অবশ্য কোনো ফায়দা নাই।সে এতই ছোটো যে তার মশারী টানানো থেকে শুরু করে ওর জামার বোতাম আটকে দেয়ার কাজগুলো আমাকে করে দিতে হয়। তবে মাঝে মাঝে সুহার সাথে খেলার কাজটাও সে করতে পারেনা। বেশীরভাগ দিনই দেখা যায়,সুহার খেলনা দিয়ে সে গভীর মনোযোগ দিয়ে খেলছে,আর সুহা হামাগুড়ি দিয়ে অন্যদিকে চলে গিয়ে এক ধ্যানে জুতা খাচ্ছে!
ভাইয়ার বাসার সামনে একটা পার্ক আছে।ওখানে গিয়ে সে প্রতি বিকালে খুব খেলে।তার প্রিয় খেলা হল দোলনায় চড়া।সে দোলনাকে বলে "ডুল-ডুলানী চেয়ার"।সেদিন ওর মায়ের কাছে ফোনে খুব খুশি খুশি কণ্ঠে শুনি বলছে, "আম্মা আমি আইজ্জা ডুল-ডুলানী চেয়ারে ডুলডুলাইছি"। ওর কথা শুনলেই আমার হাসি আসে।
সবচেয়ে বড় কথা হল,ওর দিকে তাকালে সুহার কথা মনে হয়।আজকে যদি ওর জায়গায় সুহা থাকত! এত ছোট একটা বাচ্চা মায়ের কোলছাড়া তো হয়েছে দারিদ্রের কারণেই। আমরা যতই ওকে ভালবাসি,মায়ের ভালবাসা ওকে দেয়া আমাদের পক্ষে সম্ভব না। কোন শিশু যেন মায়ের ভালবাসা থেকে বঞ্চিত না হয়!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


