নির্ঘুম রাত কাটেনা সময়, জানালার ধারে বসে থাকা শুধু
নেই কলরব, নিশ্চুপ সব
বোবা প্রকৃতি ;
অনুভূতিগুলো অম্লমধু ।
চেতনা হয়েছে অচেতন আজ, বুকের ভেতরে চিরায়ত ঝাঁঝ
মর্মে বেদন, ধৈর্যে ছেদন
দলিত নিয়তি ;
লক্ষ্যে ভ্রষ্ট তীরন্দাজ ।
মন চঞ্চল শান্ত শরীর ,আঁধার আকাশে খসে পড়ে তারা
নির্জলা চোখ , হিমায়িত ক্ষোভ
কোন আশা নেই ;
বিরান পথের সর্বহারা ।
শিরোনামহীন কথিত জীবন , সারাক্ষণ শুধু না পাওয়ার স্বাদ
অনাগত কাল , ভাবনা বেতাল
হবে কি এবার ?
লালায়িত লোভ করে উন্মাদ ।
পাওয়া না পাওয়ার দোলাচলে মন , পূব দিগন্তে তাকিয়ে থাকে
উঠবে কখন , সূর্য স্বপন
রাত প্রায় শেষ ;
দাড়িয়ে কে ঐ পথের বাঁকে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



