"অধিকার, সমঅধিকার , নারী এবং পুরুষ "
আমাদের সমাজ পুরুষশাসিত। অন্য সমাজের বিবেচনায় কিছু নগণ্য উদাহারন উপেক্ষা করলে তাই । সমাজে পুরুষের শাসন প্রাচীনতম বাবস্থা । অন্তত এই কথায় মনে হয় কারো দ্বিমত নেই ।
বিষয়বস্তু যখন নারী অধিকার তখন প্রথমেই অধিকার, ক্ষমতা এবং কতৃত্ব এর মধ্যের পার্থক্য ভালোভাবে উপলব্ধি করা উচিত । অধিকারের ক্ষেত্রে প্রাপ্যতার দোহাই খাটে কিন্তু ক্ষমতা আর কতৃত্ব অর্জন করার শক্তি থাকতে হয় । তো ক্ষমতা আর কতৃত্ব কে বাদ দিলে শুধুমাত্র অধিকারের দিক থেকে নারীরা কি যথেষ্ট অধিকৃত নয়? এখানে আমি যুক্তি খোঁজার চেষ্টা করছি মাত্র এবং আমি মোটেই নারীবিদ্বেষী নই । প্রকৃতিগতভাবেই নারী- পুরুষ এমন এক উপায়ে সৃষ্টি যেখানে সুস্থ-স্বাভাবিক কোন পুরুষের পক্ষে প্রকৃত নারী বিদ্বেষী হওয়া অসম্ভব । কখনো করলে তা ভান মাত্র । আর এই ভান করাটা নারী অধিকার খর্ব করার জন্য নয় বরং কতৃেত্বর বর্মকে সঠিকভাবে ব্যবহার করার জন্য ।
সব যুগে সব সময়েই নারী সম্মানিত । রণক্ষেত্রের ভয়ংকর যোদ্ধার উদ্ধত তলোয়ার সে যুগেও যেমন নারীর সামনে অবনমিত হত তেমনি আজও হয় । এখনও আমরা যেকোনো বিষয় বা বস্তু যেমন কোন স্থান বা যান এর সম্বোধনের ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করি । এটা কখনই পুরুষের সীমাবদ্ধতা নয় বরং সহমর্মিতা ও সম্মান ।
মায়ের অধিকার, মেয়ের অধিকার , স্ত্রীর অধিকার , বোনের অধিকার ; এসবকিছু স্ব স্ব ক্ষেত্রে অস্বীকার করা সম্ভব কি?
আর এগুলোর সম্মিলিত রূপ ই তো নারী অধিকার । তাহলে নারী অধিকার কোথায় খর্বিত ?
একথা বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে নারী অধিকার কিংবা নারী সত্ত্বা নির্যাতিত । কিন্তু তা শুধু ব্যাতিক্রম মাত্র । একজন প্রতিবন্ধী কখনই পৃথিবীর সকল সুস্থ মানুষের ৈবশিষ্টের প্রতিনিধি হবে না ।
আস্তিকতার দোহাই দিয়ে আরও একটু গভীরে ঢোকার চেষ্টা করি । আমরা যারা মুসলিম তারা সবাই জানি এবং মনেপ্রাণে বিশ্বাস করি যে মানব জাতির মধ্যে সৃষ্ট প্রথম নারী হাওয়া (আঃ) এর সৃষ্টি প্রথম পুরুষ হযরত আদম (আঃ) এর দেহাংশ থেকে । প্রথমে নারী কে তৈরি করা হয় নি । আর পরবর্তীতে নারী সৃষ্টি করা হয় পুরুষের প্রয়োজনে । প্রয়োজনটা ছিল সঙ্গ । যেখানে প্রয়োজনটাই এতটা নিঃস্বার্থ সেখানে অধিকার নিয়ে এতটা স্বার্থান্বেষী হওয়া কি মানায় ? আর যে দেহাংশ থেকে নারীকে সৃষ্টি করা হয়েছিল তা ছিল পুরুষের পাঁজরের হাড় । এখন প্রশ্ন হল আরও তো জায়গা ছিল । পা এর অংশ থেকে কিংবা মাথার অংশ থেকেও তো স্রষ্টা সৃষ্টি করতে পারতেন । কিন্তু স্রষ্টা তাঁর সৃষ্টি থেকে অবশ্যই বেশী জানেন । তিনি যেমন চাননি নারী পুরুষের উপরে থাকুক তেমনি চান নি নারী পুরুষ দ্বারা অবদমিত হোক । তিনি চেয়েছেন নারী-পুরুষ থাকুক বুকের কাছাকাছি এমন এক সমতায় যেখান থেকে আত্মিক যোগাযোগ সবচেয়ে ভালো হয় ।
কার সাধ্য স্রষ্টার উদ্দেশ্য খণ্ডায় ?
হিন্দু ধর্মে নারী কে দেওয়া হয়েছে দেবীর মর্যাদা । দেওয়া হয়েছে জীবন দান এবং জীবননাশের ক্ষমতা । নারীকে বানানো হয়েছে পূজনীয় । এত সম্মান , এত অর্ঘ্য কি তাহলে এক মুহূর্তে মূল্যহীন হয়ে পড়ে যখন সেই নারীকেই অগ্নিপথে হাটতে হয় সতীত্বের পরীক্ষা দিতে ? তাই যদি হয় তাহলে আন্দোলনে রত নারীগণ কি নাস্তিক?
সমাজে কিছু আইন ও তার প্রয়োগ নির্মম শুধুমাত্র দৃঢ়ভাবে ও সুন্দরভাবে সমাজকে নিয়ন্ত্রন করার জন্য । আবার সমাজেরই আছে কিছু ক্ষত । কখনও কখনও আইনের নির্মমতা গণ্ডি অতিক্রম করে ক্ষতে রূপ নেয় কিছু সংখ্যক মানুষরূপী অমানুষের কৃতকর্মে । কিন্তু সংখ্যালঘু এইসব অমানুষের জন্য সম্পূর্ণ নারীজাতিকে কেন ব্যাস্ত হতে হবে পুরুষ শব্দের অন্য কোন অর্থ খুঁজতে ? নারীরা যদি অধিকৃত না ই হত তাহলে তাদের আন্দোলনে সমাজ এতটা আন্দোলিত কখনই হত না । তাদের কণ্ঠস্বর ঘরের কোনেই চাপা পড়ে যেত ।
আসলে নারী আন্দোলন অধিকার আদায়ের জন্য নাকি কতৃত্ব আদায়ের জন্য তা সুস্পষ্ট নয় । অধিকার আর কতৃত্বের ককটেল গিলতে যেকোনো পুরুষের কষ্ট হবে এটাই স্বাভাবিক ।
দশজন পুরুষের গাঁ ঘেঁষে দাঁড়ানো নারীটি যত আধুনিকাই হোক না কেন সংকোচ বোধ সে করবেই । এটাই হল নারীত্ব ।
প্রকৃতি ই নারীকে দিয়েছে সীমাবদ্ধতা । একজন প্রকৃত নারী তা কিভাবে অস্বীকার করবে ?
নারী পুরুষ উভয় ই যদি কতৃত্বের ক্ষমতায় থাকে তাহলে শান্তি হয়ে যাবে বিলুপ্ত । জ্ঞানীরা বলেন , "অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট "।
উপরের সব কথা যদি যুক্তিগ্রাহ্য মনে হয় তাহলে সমকক্ষতার নামে এত আন্দোলন কেন ? তারচেয়ে আসুন সহমর্মিতার অনুশীলন করি । যার যেটুকু প্রাপ্য তা দেওয়ার আর বুঝে নেওয়ার অনুশীলন করি । একে অপরকে সম্মান করার অনুশীলন করি ।
ব্যাতিক্রম কখনই উদাহারন নয় । যারা এসব অসুস্থ ব্যাতিক্রম কে উদাহারন বানাতে চায় তাদের বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ালে আকাশে শাদা পায়রা উড়বেই ।
আর অধিকার? একজন নারী ভালভাবেই জানেন , তার অধিকার তার ভালবাসার ক্ষমতায় ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১২ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



