ধরিত্রীর কান্নাজলে ভেসে ভেসে আমি ক্লান্ত ।
প্রতিদিনই দেখি দুর সীমান্তে ভানুর উত্থান-পতন ,
ঠিক যেন আমি; এক অস্তগামী প্রভাকর,
যেন সারাদিনের কিরণদানে অপরাহ্ননে পরিশ্রান্ত ।
রাতের আকাশে তাঁরা গুনে গুনে আমি ক্লান্ত ।
মিটি মিটি তাঁরাগুলো যেন ক্ষীণ হয়ে আসা স্বপ্নবিন্দু ;
স্বপ্নের মরীচিকায় আকাশে ওড়াই শত-সহস্র ফানুস ,
কত অবুঝ আমি ! বুঝি না যে এ সবই, সবই ভ্রান্ত ।
জলদেবতার সীমাহীন কৃপায় আমি ক্লান্ত ।
আছড়ে পড়া ঢেউ গুলো যেন হৃদয়ের আর্তনাদ ;
তবুও আশ্রয় খুঁজি জলরাশির ঐ নারকীয় নীলে ,
হৃদয় মন্দিরে আশার প্রদীপ যে এখনও জ্বলন্ত ।
প্রেয়সীর অশ্রুসিক্ত চোখের বোবা কান্নায় আমি ক্লান্ত ।
কখন জানি প্রণয়ের ঘুড়ী সূতা ছিঁড়ে উড়ে যায় ,
দুর্বল আমি প্রাণপণে আঁকড়ে ধরি নাটাই খানি ;
কষ্টের মাদকতায় নষ্ট আমি , কি আশ্চর্য শান্ত ।
অপেক্ষার প্রহর গুনে গুনে আমি ক্লান্ত ।
তবুও নীলিমার মুক্ত খেচর কেমন যেন লোভী করে তোলে আমায়,
যেন মাটির টানে আবার আশায় বিভোর হয় মাটির কায়া ;
ভাবি আমি .......হয়তো কোনদিন খুঁজে পাবো সেই কাঙ্খিত সীমান্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



