আমি সাত সমুদ্র তের নদী পাড়ে রাজকন্যাকে খুঁজি নাই,
আমি নগ্ন হস্তে আগুন দেশের ড্রাগনের সাথে যুঝি নাই।
চলি হিমালয় আমি পাড়ি দিতে,
চলি মহা-নৃপতিকে ঝাড়ি দিতে,
চলি পাঁচ তারকার বুফে’র টেবিলে –
ক্ষুধার মহামারী দিতে।
আমি হিন্দুর সাথে মোসলমানের ভ্রাতৃত্বের বন্ধন,
আমি সাদা কালো হৃদে, লোহিত কনিকা -
জীবনের স্পন্দন!
যাই মহাকাশ, ছিঁড়ে চাঁদ তারা, টেনে
ভাজা ভাজা করি তাপ-হুতাশনে,
পেটে খিল মেরে হাসি খিলখিল,
বিকল করিয়া গ্যাঁড়াকল-
আমি শুভ্র পাতায় লাল রঙ দিয়া আঁকি কালো কালো গাঙচিল!
ভেঙে ঋণের বোঝার ভার খানা,
গড়ি অসম্ভবের কারখানা,
ঘুরে গ্রহে গ্রহে আমি বিগ্রহ গড়ি,
শব্দের করি কীর্ত্তন –
আমি বোকা থেকে থেকে - তুলে তুলে নেই মৃতবুদ্ধির হাড় খানা!
জানি তলোয়ারে মোর ধার নাই,
আমি কর্ডলেস, মোর তার নাই,
জানি বিশ্ব জনের নিন্দা খাতায়
একচুল-ও মোর ছাড় নাই।
তবু মাথা উঁচু করে দৃঢ় প্রত্যয়ে সম্মুখ পানে আগুয়ান,
পাই ধিক্কার আর হাহাকার – তবু সাক্ষি রইলো ভগবান!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


