তুই কি আমার দুঃখ হ’বি
আনিসুল হক
তুই কি আমার দুঃখ হ’বি ?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধূলো
চোখের নিচে কালো ছায়া
সেই খানে তুই রাতে-বিরেতে স্পর্শ দিবি
তুই কি আমার দুঃখ হ’বি ?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হ’বি ?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হ’বি ?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর নির্জনতা
ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হতে
ক্রমাগত নাড়তে থাকা দরোজাময় কড়া হ’বি
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
ক্যামন যেন বিষাদ হ’বি
তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হ’বি ?
নরম হাতের ছোঁয়া হ’বি
একটুখানি ছোঁয়া হ’বি
একটুখানি কষ্ট দিবি
নিজের ঠোঁট কামড়ে ধরা রোদন হ’বি
একটুখানি কষ্ট দিবি
প্রতীক্ষারি দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হ’বি।
একটুখানি কষ্ট দিবি
তুই কি একা আমার হ’বি
তুই কি আমার একান্ত এক দুঃখ হ’বি ?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


