যেভাবে রাত এসেছে সেভাবে দিন আসেনি
রাত দীর্ঘ থেকে দীর্ঘতর –
হিমযুগ নিয়ে ঠাণ্ডা-কাতরতা
মল্লিকার বন ছুঁয়ে শুয়ে আছে অন্ধকার
আমি ঘরের ভেতর — জানালা বন্ধ দ্বার!
অমা নিয়ে অনুজীব স্তরে স্তরে
সবকিছু সংক্রমণে নিয়ে যাচ্ছে –
হিংস্রপ্রাণীরা আরো হিংস্র হওয়ার গন্ধ পাচ্ছে!
রাত যেন চুল এলিয়ে দিয়েছে
কালো-সখ্য নিয়ে
বিভাবরী আরো যৌবনের কাছে
নিশীথিনী আরো তারুণ্যের কাছে!
অনির্দিষ্টকাল নিয়ে বহুকাল হলো
রাত এসেছে — দিন আসেনি !
ছায়াবিতানের মধ্যে কৃষ্ণপক্ষ-অমাবস্যা
আর সূচীভেদ্য অন্ধকার !
ধনাত্মক
ঘোর অন্ধকার নিয়ে তার কাছে যাই
দেখি, কতটুকু রূপদক্ষ-আলো আছে?
আলোতৃষ্ণা ও বিচ্ছুরণের শক্তি নিয়ে
আমিও উঠতে চাই জেগে –
আমি কেন কোদালেমেঘের কণ্ঠলগ্ন?
অন্ধগলি থেকে ঘুরপথ
রূপবিন্যাসের দোলা পাই,
ছিটকিনি খুলি — ধনাত্মক হয়ে উঠি।
অন্তর্গৃহ আজ গৃহের ভেতর নেই
ময়ূখ হয়েছি আজ বিদ্যুৎপ্রভায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

